বিএনপি নেতা হাবিবুর রশীদসহ ১৭ জন গ্রেপ্তার
ঢাকার বাংলামটর ও মগবাজার এলাকা থেকে বিএনপি নেতা হাবিবুর রশীদসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে সাদা পোশাকে আসা পুলিশের এক দল সদস্য বাংলামটরের একটি ভবন থেকে হাবিবসহ তিনজনকে ধরে রমনা থানায় নিয়ে যায় বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ভবনে সরকারবিরোধী গোপন বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
বিএনপি নেতা হাবিবুর রশীদ হাবিব (ফেইসবুক থেকে নেওয়া ছবি)
বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন, বাংলামটর-মগবাজার এলাকা থেকে পুলিশ তাদের আরও ১৪জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা মারুফ জানান।
হয়রানিমূলকভাবে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে তাদের মুক্তি দাবি করেছেন কেন্দ্রীয় নেতা বেলাল।
