২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার স্বাস্থ্য খারাপের দিকে, বলেছেন আন্দোলন চালিয়ে যেতে: ফখরুল

কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 06:40 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

বিএনপি চেয়ারপারসন দেশে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান রেখেছেন বলেও জানিয়েছেন তিনি।  

শনিবার বিকালে পুরানো ঢাকার নাজিম উদ্দিন সড়কে কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে ফখরুল বলেন, “উনি (খালেদা জিয়া) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দেশবাসী যেন তার সুস্থতার জন্য দোয়া করেন এবং অবিলম্বে এ যে একটা দুঃসময় চলছে জাতির জন্য, দেশের জন্য, এই দুঃসময়ের যেন অবসান ঘটে।

“নেতা-কর্মীদের তিনি (খালেদা জিয়া) সাহসের সঙ্গে আন্দোলন করে যেতে বলেছেন গণতন্ত্র মুক্তির জন্য।”

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিকাল ৩টা ৫০মিনিটে মির্জা ফখরুলের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান প্রধান ফটক দিয়ে কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে বিকাল ৫টা ৫মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন তারা।

দলীয় প্রধানের শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আজকে আমরা তাকে যা দেখেছি তাতে আমরাও অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছি। তিনি যে বর্ণনা দিয়েছেন, তার বাঁ হাত আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। এটা স্টিফ হচ্ছে। ওজনও বেড়ে গেছে বাঁ হাতের। বাঁ পা থেকে শুরু করে গোটা বাঁ দিকে পেছনে পর্যন্ত সেই ব্যথা বেড়ে গেছে।

“সাধারণভাবে হাঁটা চলা করা তার জন্য মুশকিল হয়ে পড়েছে। আর্থাইটিসের যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে যে, সেটা আস্তে আস্তে নিউরো প্রবলেমের সৃষ্টি করে। ডাক্তার সাহেবরা বলেছেন যে,  এটা স্টিফ হয়ে যায়। এতে প্যারালাইসিসের দিকে চলে যেতে পারে। শুধু তাই নয়, তার ডান চোখটা লাল হয়ে আছে। এটা বেড়ে গেলে তার চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে।”

Image
কারাগারে যাওয়ার দুই মাস পর গত ৭ এপ্রিল বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষা হয় খালেদা জিয়ার। ছবি: মাহমুদ জামান অভি

কারাগারে যাওয়ার দুই মাস পর গত ৭ এপ্রিল বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষা হয় খালেদা জিয়ার। ছবি: মাহমুদ জামান অভি

খালেদা জিয়ার অবস্থা যাতে আরও খারাপের দিকে না যায় সেজন্য দ্রুত তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি জানিয়েছেন ফখরুল।

এর পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেছেন,  তাদের নেত্রীই ওই হাসপাতালে চিকিৎসা নিতে চেয়েছেন। তাছাড়া কারাগারে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যেসব ওষুধ দিয়েছেন সেগুলো তার রোগ প্রশমণ বা যন্ত্রণা লাঘবে ‘কোনো কাজ করছে না’।  

“এছাড়া যেটা তার সবচেয়ে বেশি প্রয়োজন- পরিবেশটা পরিবর্তন করা প্রয়োজন। এই পরিবেশে সুস্থ লোক কোন দিন অসুস্থ হয়ে পড়ে, কিন্তু অসুস্থ লোক সুস্থ হতে পারে না।”

বিএনপি চেয়ারপারসনকে ইউনাইটেড হাসপাতালে না নিলে যদি তার কোনো ক্ষতি হয় সে দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করেন মির্জা ফখরুল।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে খালেদা জিয়াকে ওই কারাগারে রাখা হয়েছে। পুরনো এই কারাগারে তিনিই একমাত্র বন্দি।

এর আগে সর্বশেষ গত ৬ এপ্রিল মির্জা ফখরুল একাই কারাগারে খালেদা জিয়ার সাথে দেখা করেন। এর পরদিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিএনপি নেত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

এরপর গত ১৯ এপ্রিল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সাক্ষাতের জন্য এলেও খালেদা জিয়ার অসুস্থতার কারণে সাক্ষাৎ পাননি মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা।

পুরনো খবর:

খালেদার চিকিৎসার ফাইল আটকে প্রধানমন্ত্রীর দপ্তরে: ফখরুল
খালেদার সঙ্গে দেখা করতে গেলেন বিএনপি নেতারা