২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড লোক দেখানো: মওদুদ

কারাবন্দি খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড গঠনকে ‘লোক দেখানো’ আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মওদুদ আহমেদ বলছেন, বিএনপি চেয়ারপারসকে এতদিন যারা চিকিৎসা দিয়ে আসছেন তাদের দিয়েই তার চিকিৎসা করাতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 04:07 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

কোনো কারণে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে সেই দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় মওদুদ বলেন, “সরকার মেডিকেল বোর্ড করেছে, এই সরকার মানুষকে দেখানোর জন্য নানা রকমের কৌশল অবলম্বন করেছে।… এটা দুরভিসন্ধিমূলক, সরকার দ্বারা এই যে মেডিকেল বোর্ড করা এগুলো লোক দেখানো।

“আমি স্পষ্ট করে বলতে চাই, যারা তার (খালেদা জিয়া) চিকিৎসা করে আসছেন গত এক যুগ যাবত, সেই চিকিৎসকদের নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করাতে হবে। আপনারা (সরকার) অবিলম্বে আইনে যা আছে তাই করুন।”

কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির উদ্বেগের মধ্যে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করে সরকার। চার সদস্যের এই মেডিকেল বোর্ডের সদস্যরা গত ১ এপ্রিল খালেদার স্বাস্থ্য পরীক্ষা করেন।

এই মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শামসুজ্জামান ৩ এপ্রিল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার অসুস্থতা ‘গুরুতর নয়’।

“তিনি জানিয়েছেন, তার ঘাড়ে ব্যথা, বাম হাতে-পায়ে এবং কোমরে ব্যথা বোধ করেন। এছাড়া তার বাম হাত ঝিম ঝিম করে।”

৭৩ বছর বয়সী খালেদা নিয়মিত যে ওষুধ সেবন করেন, তার সঙ্গে আরও কিছু ওষুধ যুক্ত করা হয়েছে জানিয়ে এই চিকিৎসক সেদিন বলেন, “রক্ত পরীক্ষা এবং এক্সরে করার পরামর্শ দেওয়ার পাশপাশি নিয়মিত ব্যয়াম করার জন্য তাকে বলা হয়েছে।”

সংশোধিত জেলকোড অনুযায়ী, কেউ জেলে যাওয়ার আগে যে চিকিৎসকের অধীনে চিকিৎসা নিতেন ওই চিকিৎসকে দিয়েই তার চিকিৎসার ব্যবস্থা করার নিয়মের কথা স্মরণ করিয়ে দেন সাবেক আইনমন্ত্রী মওদুদ।

তিনি বলেন, “আজকে দুই মাসের উপরে হয়ে গেছে বেগম খালেদা জিয়া জেলখানায় আছেন। আমরা যখন তার সাথে দেখা করতে গিয়েছিলাম উনি নিজেই আমাদের বলেছেন, আমি মোটামোটি ভালই আছি তবে আমার ব্যথাটা একটু বেড়েছে।

“এখন কাকে দরকার? যারা ১০-২০ বছর যাবত তাকে চিকিৎসা দিয়ে সেবা করেছেন, পরামর্শ দিয়েছেন তাদের। সেই চিকিৎসকই জানতে পারবে কীভাবে রোগীর চিকিৎসা করা যায়। হঠাৎ করে নতুন একজন চিকিৎসক আনবেন এটাতে লাভ হবে না।”

মওদুদ বলেন, “আজকে যদি তার স্বাস্থ্যের কোনো রকমের অবনতি ঘটে তাহলে সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এদেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না। আমরা চাই না বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হোক।”

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন প্রসঙ্গে মওদুদ বলেন, “আমরা বলেছি, তার মুক্তির জন্য আইনি লড়াই করব, সাথে সাথে রাজপথেও থাকব। আইনি লড়াইয়ের সীমাবদ্ধতা আছে কিন্তু জনতার আন্দোলনের সীমাবদ্ধতা নাই।

“সময় খুব কম, সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই আন্দোলনকে আমাদের ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে যখন সরকার বাধ্য হবে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে এবং দেশের একটি নির্দলীয় সরকার গঠনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা, এর কোনো বিকল্প নাই। যদি সরকার সমঝোতায় না আসে এর উত্তর রাজপথ দেবে।”

খালেদা জিয়াকে নিয়েই একাদশ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেন সাবেক মন্ত্রী মওদুদ।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকাস্থ ফেনী জাতীয়তাবাদী ছাত্র ও যুব ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি ওমর ফারুক ডালিমের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ভিপি জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, রেহানা আখতার রানু, ওয়াদুদ ভুঁইয়া সভায় বক্তব্য দেন।

পুরনো খবর:

কারাবন্দি খালেদাকে দেখে এসেছে মেডিকেল বোর্ড