গাজীপুর ও খুলনা সিটির ভোটে প্রার্থী দেবে বিএনপি
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রার্থীদের মধ্যে ফরম বিক্রি করবে বিএনপি।
বিকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা জানান।
তিনি বলেন, এই দুই সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আগ্রাহীদের ৫ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে।
‘‘ মনোনয়নপত্র জমা দিতে হবে ৬ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১০ হাজার টাকায় এবং ফরম জমা দেওয়ার সময় প্রার্থীকে জামানত হিসেবে দিতে হবে ২৫ হাজার টাকা।”
মনোনয়ন পেতে ইচ্ছুকদের সাক্ষাৎকার ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হবে বলে জানান রিজভী।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে রংপুর জেলার পিপি অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিকের নিখোঁজ হওয়া উদ্বেগ প্রকাশ করেন রিজভী।
“এটা উদ্বেগের বিষয়। কী ভয়ংকর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পরে একজন পিপি অদৃশ্য হয়ে যায়। এটি সরকারের বিভৎস দুঃশাসনের প্রতিফলন।”
“… আজকে মানুষের বেঁচে থাকার নিশ্চয়তা এই রাষ্ট্রের নেই। সকল নিশ্চয়তা বিপন্ন করেছেন বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা।”
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম ও আতাউর রহমান ঢালী উপস্থিত ছিলেন।
