২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণকে ধোঁকা দিতে ব্যাংক বাঁচানোর কৌশল: আমীর খসরু

জনগণকে ‘ধোঁকা দিতে’ সরকার তারল্য সঙ্কটে পড়া ব্যাংকগুলোকে বাঁচানোর ‘সাময়িক কৌশল’ নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 08:27 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

সোমবার এক আলোচনা সভায় তিনি প্রশ্ন রাখেন, দেশের মানুষ যখন জানতে পারে যে, তার জমা দেওয়া টাকা ব্যাংক আর ফেরত দেওয়ার অবস্থায় নেই, তার চেয়ে খরাপ আর কী হতে পারে?

এ পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে করে আমীর খসরু বলেন, “কতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। আপনি (সরকার)… তাদেরকে বাঁচিয়ে রাখছেন নির্বাচন পর্যন্ত শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য।”

ব্যাংকগুলোর তারল্য সঙ্কটের খবরের মধ্যে রোববার দুটি ঘোষণা দেন অর্থমমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সরকারি সংস্থাগুলো এতদিন তাদের তহবিলের ৭৫ শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এবং বাকি ২৫ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখত। সরকার ঠিক করেছে, এখন থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৫০ শতাংশ রাখা হলে বাকি ৫০ শতাংশ রাখা হবে বেসরকারি ব্যাংকে।

এছাড়া সব ব্যাংককে তাদের গ্রাহকদের আমানত হিসেবে পাওয়া অর্থের সাড়ে ৬ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা (সিআরআর) রাখতে হত। ওই হার  এখন কমিয়ে আনা হচ্ছে সাড়ে পাঁচ শতাংশে।

সিআরআর কমানোর ফলে বেসরকারি ব্যাংকগুলোর হাতে প্রায় ১০ হাজার কোটি টাকা যাবে বলে সংবাদ মাধ্যমের খবর।

সরকার এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিল যখন শত শত কোটি টাকা অনিয়মের কারণে মাত্র তিন বছর আগে রাজনৈতিক বিবেচনায় প্রতিষ্ঠিত ফারমার্স ব্যাংককে নগর অর্থের অভাবে ধুঁকতে হচ্ছে। ব্যাংকের তারল্য সঙ্কটের মূল কারণ ভোটের আগে অর্থ পাচার কি না, সে প্রশ্নও ইতোমধ্যে উঠেছে।

আমীর খসরু বলেন, “ব্যাংক খাতে প্রতিনিয়ত কী হচ্ছে? আপনি দেখেন না- অর্থমন্ত্রী কী বলেছেন? কার কথায় অর্থমন্ত্রী চলছেন, কারা তাকে চালাচ্ছেন? এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতির একটি দৃষ্টান্ত।”

২০১৬ সালে রিজার্ভ চুরির ঘটনা মনে করিয়ে দিয়ে এই বিএনপি নেতা বলেন, “কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ লুট হয়ে যায়। দেড় বছরেও কোনো ধরনের কোনো প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না, কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।”

দেশে এখন রাষ্ট্রের সহযোগিতায় দুর্নীতি হচ্ছে এবং ক্ষমতাসীনদের ছত্রছায়ায় ব্যাংক খাতে লুটপাট চলছে বলে অভিযোগ করেন আমীর খসরু।

“দুর্নীতি যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করে সেটা হয় একশ কোটি, পাঁচশ কোটি, দুই হাজার কোটি, পাঁচ হাজার কোটি টাকার। …কুইক রেন্টালের নামে কুইক দুর্নীতি হয়ে গেছে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়ে যাচ্ছে। এই টাকা তো দেশে রাখার সুযোগ নাই। কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তা দেশের মানুষ যেমন জানে, বিশ্ববাসীও জানে।”

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকায় দুর্নীতি হচ্ছে বলেই এর বিচার হচ্ছে না বলে মন্তব্য করেন আমীর খসরু। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দুর্নীতির দায়ে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী প্রজন্ম‘ ৭১  এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী আলোচনা সভায় বক্তব্য দেন।