খালেদার মামলা ঘিরে আদালতে কড়া নিরাপত্তা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্কের শুনানির তারিখ থাকায় আদালত ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
অবশ্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু বলেছেন, অসুস্থতার কারণে খালেদা জিয়াকে বুধবার আদালতে আনা হবে না বলে তারা ‘শুনতে পাচ্ছেন’।
এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়াকে রাখা হয়েছে নাজিম উদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
আর জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে ওই কারাগার থেকে সিকি কিলোমিটার দূরত্বে বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠ সংলগ্ন বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে। এ আদালতের বিচারক মো. আখতারুজ্জামানই এতিমখানা দুর্নীতির দায়ে খালেদা জিয়ার সাজার রায় দেয়।
খালেদা জিয়াকে দাতব্য ট্রাস্ট মামলায় আদালতে হাজির করা হতে পারে এমন সম্ভবনায় বুধবার সাকলেই আদালত ও কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের বাইরের সড়কে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।
আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্ততর্কের শুনানি রয়েছে। বিচারক নির্দেশ দিলে আসামি খালেদা জিয়াকে আদালতে হাজির করা হবে।”
খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে আবদুর রেজাক খান, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আমিনুল ইসলাম, নুরুজ্জামান তপনসহ জনা দশেক আইনজীবীকে সকালে আদালতে দেখা যায়।
পরে বেলা পৌনে ১১টার দিকে মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “খালেদা জিয়াকে আজকে অসুস্থতার কারণে আনা হচ্ছে না বলে আমরা শুনতে পাচ্ছি।”
সর্বশেষ গত ১৩ মার্চ এ মামলার অন্যতম আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তিতর্কের শুনানি চলছিল। তার আইনজীবী আমিনুল ইসলাম বুধবার যুক্তি উপস্থাপন শুরু করবেন বলে নুরুজ্জামান তপন জানান।
জিয়া দাতব্য ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে দুদক।
তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
খালেদা জিয়ার একান্ত রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএয়ের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলায় আসামি।
