২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেশ খয়রাত আ. লীগ চায় না: কাদের

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি কোনো উপদেশ ‘খয়রাতের’ দিকে আওয়ামী লীগ তাকিয়ে নেই বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 05:09 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

সাতোই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার প্রচারে শনিবার ঢাকার নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় লিফলেট বিলির পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার পর একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাইছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ।  

নির্বাচনকে সামনে রেখে বিদেশি কোনো চাপ আছে কি না- এই প্রশ্নে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের চাপকে গুরুত্ব দিই। আমাদের দেশের গণতন্ত্র আমরাই পরিচালনা করব।

“যারা আমাদের উপদেশ দিচ্ছে, তাদের দেশের গণতন্ত্রের চেহারা, তাদের দেশের নির্বাচনের চেহারা, সেটা সারা দুনিয়া জানে,। কাজেই আমাদেরকে উপদেশ দিতে হবে না। আমরা কারও উপদেশ খয়রাতের দিকে তাকিয়ে নেই।”

সংবিধান অনুযায়ী একটি নির্বাচনের দিকে সরকার এগিয়ে যাচ্ছে, বলেন তিনি।

বিভিন্ন জেলায় গিয়ে প্রধানমন্ত্রীর ভোট চাওয়া নিয়ে বিএনপির সমালোচনার জবাবে কাদের বলেন, “জনগণের কাছে যাওয়ার অধিকার নির্বাচিত প্রধানমন্ত্রীর আছে। এখনও নির্বাচনের শিডিউল ঘোষণা হয়নি। এই প্রশ্নটা হতে পারে তখন, যখন নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে।

“যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগেরও সভাপতি। আওয়ামী লীগের সভাপতি হিসেবে নৌকার ভোট চাওয়ার অধিকার প্রধানমন্ত্রীর আছে। তাতে এখানে কোনো ব্যত্যয় ঘটেনি।”

বিএনপির আন্দোলনের কৌশল মোকাবেলার আওয়ামী লীগ অবস্থান কী- জানতে চাইলে কাদের বলেন, “তাদের কৌশল যদি রাজনৈতিক হয়, তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করব।

“তাদের কৌশল যদি ভায়োলেন্স-সহিংসতার দিকে যায়, তাহলে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা আছে। তারা যখন যেটা দরকার, সেটাই করবে।”

এবারের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক জনসমাগমের আশা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনকে সামনে রেখে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

জনসভার কারণে জনভোগান্তি ‘সহনশীল’ রাখার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।