খালেদার নথি আটকে রেখেছে সরকার: বিএনপি
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার নথিপত্র নিম্ন আদালত থেকে এখনও হাই কোর্টে না যাওয়ার জন্য সরকারকে দায়ী করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
কবে নাগাদ এই নথি হাই কোর্টে পাঠানো হবে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেননি আদালতের কর্মচারীরা।
নিম্ন আদালতের এই নথিপত্র দেখে বিএনপি চেয়ারপারসনের জামিনের আবেদনের বিষয়ে আদেশ দেবে বলে হাই কোর্টের বিচারকরা জানিয়েছেন।
বিএনপি নেতা-কর্মীরা আশা করে আছেন, তাদের নেত্রী উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে বেরিয়ে আসবেন।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত করার পর তিনি রয়েছেন কারাগারে।
নানা আলোচনার মধ্যে ১০ দিন পর রায়ের সত্যায়িত অনুলিপি পেয়ে হাই কোর্টে আপিল করে জামিনের আবেদন করেন খালেদা।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ জরিমানা স্থগিতের পাশাপাশি ১৫ দিনের মধ্যে নথি পাঠাতে নিম্ন আদালতকে নির্দেশ দেয়।
গত ২৫ ফেব্রুয়ারি এই আদেশ দেওয়ার পর বুধবার পর্যন্ত ওই নথি বিচারিক আদালত থেকে পাঠানো হয়নি; তবে এদিন নথিটি যাবে বলে আশা প্রকাশ করেছিলেন বিএনপি সমর্থক আইনজীবীরা।
রায় দানকারী আদালতের পেশকার মোকাররম হোসেন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার সব কাগজ দলিলপত্র একত্র করে গুছিয়ে নথিটি হাই কোর্টে পাঠানোর উপযোগী করা যায়নি বলে আজ তা পাঠানো যায়নি।”
কবে নাগাদ নথি হাই কোর্টে পাঠানোর উপযোগী হবে- প্রশ্ন করা হলে আদালতের এই কর্মচারীর জবাব আসে, “তা বলা যাবে না।”
খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদারের অভিযোগ, ‘ইচ্ছা করেই’ এই নথিটি আটকে রাখা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইচ্ছা করেই নথিটি হাই কোর্টে পাঠাচ্ছে না নিম্ন আদালতের কর্মচারীরা। কেন পাঠানো হচ্ছে না, তার কারণটি সবাই জানে।”
বিএনপি নেতারা দাবি করে আসছেন, খালেদা জিয়াকে বেশি দিন কারাগারে আটকে রাখতেই নানা কৌশল করছে সরকার।
রায়ের অনুলিপি পাওয়ার পর তা হাতে খালেদা জিয়ার এক আইনজীবী
তবে তাদের অভিযোগ প্রত্যাখ্যান করে আইনমন্ত্রী আনিসুল হকসহ আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপির আইনজীবীদের ভুলে খালেদার জামিন প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। আর আদালতের কাজে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
খালেদার আরেক আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলছেন, সরকারের ‘নির্দেশেই’ আদালতের কর্মচারীরা নথি ছাড়ছেন না।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি ষড়যন্ত্রের ফল। ইচ্ছাকৃতভাবেই সরকারের নির্দেশে নথি পাঠানো হচ্ছে না।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক খোকন বলেন, “রায়ের একদিনের মধ্যেই নিম্ন আদালতের নথি উচ্চ আদালতে পৌঁছায়, ঢাকা কোর্টে এমন অনেক নজির রয়েছে।”
রায়ের অনুলিপি প্রকাশে সময় লাগার জন্যও সরকারকে দায়ী করেছিলেন বিএনপির আইনজীবীরা।
