২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের ভুলেই খালেদা এখনও কারাগারে: আইনমন্ত্রী

খালেদা জিয়ার জামিন বিলম্বিত হওয়ার জন্য বিএনপি নেতারা সরকারকে দুষলেও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনজীবীদের ‘ভুলের’ কারণে বিএনপি চেয়ারপারসন এখনও কারাগারে আছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 08:47 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “খালেদা জিয়ার আইনজীবীরা যথাযথ আইনি প্রক্রিয়ায় না লড়ে শুধু শুধু আদালতের উপর দোষ দিচ্ছেন। কিন্তু তাদের ভুলের কারণেই তিনি (খালেদা) কারাগারে আছেন।”

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর থেকে নাজিউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন খালেদা জিয়া।

রায়ের পর তার আইনজীবীরা বলেছিলেন, পরের সপ্তাহেই জামিন আবেদন করবেন এবং তাতে জামিন হবে বলেও তারা আশাবাদী।

তবে উচ্চ আদালতে সেই প্রক্রিয়া শুরুর জন্য রায়ের সত্যায়িত অনুলিপি পেতে বিএনপির আইনজীবীদের অপেক্ষা করতে হয় ১১ দিন।

এরপর হাই কোর্ট খালেদার আপিল শুনানির জন্য গ্রহণ করলেও তার জামিন প্রশ্নে আদেশ আটকে আছে নিম্ন আদালত থেকে মামলার নথি উচ্চ আদালতে না পৌঁছানোর কারণে।

রায়ের সত্যায়িত কপি পেতে বিলম্বের পর এখন ‍নিম্ন আদালত থেকে নথি হাই কোর্টে যেতে দেরি হচ্ছে অভিযোগ করে তার জন্যও জন্য সরকারকে দায়ী করছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটির (এনজেসিসি) উদ্বোধনী অনুষ্ঠানের পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আইনমন্ত্রী আনিসুল হক।

Image
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর আদালত থেকে কারাগারের পথে খালেদা জিয়া (ফাইল ছবি)

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর আদালত থেকে কারাগারের পথে খালেদা জিয়া (ফাইল ছবি)

খালেদা জিয়ার কারাগারে যাওয়া বা তার জামিন না হওয়ার বিষয়ে সরকারের ‘কোনো হাত নেই’ বলে দাবি করে তিনি বলেন, “বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগ আইন-কানুন অনুসারে চলে। এখানে সরকারের প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই।”

খালেদা জিয়ার জামিন না হওয়ার জন্য আইনজীবীদের ‘ভুলের’ কথা বললেও কী ভুল তারা করেছেন সে সম্পর্কে কিছু বলেননি আইনমন্ত্রী।

অবশ্য খালেদা জিয়ার অন্যতম আইনজীবী বিএনপি নেতা মওদুদ আহমদকে নিয়ে নানা তীর্যক মন্তব্য করছেন ক্ষমতাসীন দলের নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সাবেক সামরিক শাসক এরশাদের এক সময়ের ঘনিষ্ঠ এবং তার সরকারের মন্ত্রী মওদুদ ‘বহুরূপী’।

এই আইনজীবীর কথা না শুনতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়ে সোমবার সংসদে তিনি বলেন, “আইনজীবীরা ওকালতি করে আপনাকে বাড়ি ছাড়া করেছেন। এরাই আপনাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সংসদ থেকে বাইরে রেখেছে।

“তাদের কথা শুনলে আপনাকে অনেক বছর জেলে থাকতে হবে।”

খালেদা জিয়ার কারাবাসে বিএনপির ভোট বাড়ছে বলে মওদুদের সাম্প্রতিক এক বক্তব্যকেও সামনে আনছেন আওয়ামী লীগ নেতারা।

পুরনো খবর:

খালেদার জামিনের অপেক্ষা ফুরাচ্ছে না
খালেদার জরিমানা স্থগিত, জামিনে আরো অপেক্ষা
আইনজীবীদের কথা শুনবেন না: খালেদাকে নাসিম