২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের কথা শুনবেন না: খালেদাকে নাসিম

দলীয় আইনজীবীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভুল পথে চালিত করছেন বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 08:36 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

তিনি বলেছেন, “আইনজীবীরা ওকালতি করে আপনাকে বাড়ি ছাড়া করেছেন। এরাই আপনাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সংসদ থেকে বাইরে রেখেছে। এই আইনজীবীদের কথা শুনবেন না। তাদের কথা শুনলে আপনাকে অনেক বছর জেলে থাকতে হবে।”

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় একথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি কারাদণ্ডের রায়ের পর থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

আপিল করে তার জামিনের আবেদন ইতোমধ্যে হাই কোর্টে করেছেন তার আইনজীবীরা; শুনানিতে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদসহ বিএনপি সমর্থক আইনজীবী নেতারা ছিলেন।

মওদুদের এক বক্তব্যের দিকে ইঙ্গিত করে নাসিম বলেন, “মওদুদ সাহেবরা বলছেন খালেদা জিয়া জেলে যাওয়ার পর প্রতিদিন তাদের ১০ লাখ ভোট বাড়ছে।

“যদি আপনাদের এত ভোট বাড়ে তাহলে আপনারা খালেদা জিয়ার মুক্তি চাচ্ছেন কেন? জামিন চাচ্ছেন কেন? জামিনের জন্য প্রতিদিন কেন কোর্টে যান? তিনি জেলে থাকলে তো আপনাদের ভোট বাড়বে। আপনাদের ভোট বেড়ে ৩০ কোটি হবে।”

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, “আমরা সবাইকে নিয়ে মাঠে খেলতে চাই, একা খেলতে চাই না। আপনারা মাঠে আসেন। খেলে জিতেন। দয়া করে ফাউল করবেন না। মাঠেই ফাইনাল খেলা হবে।”

বিএনপির নির্দলীয় সরকারের দাবি প্রত্যাখ্যান করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “সংবিধান অনুসারে নির্বাচন হবে। সেই নির্বাচনে সবাইকে আসতে হবে। সংবিধানের বাইরে গেলে আবারও অনিশ্চয়তা সৃষ্টি হবে। রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে।”