২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে ‘ভাঙনের সুর’ শুনছেন কামরুল

খালেদা জিয়া দুর্নীতির দায়ে দোষি সাব্যস্ত হওয়ার পর ফেরারী তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করাকে বিএনপির অনেক নেতা মেনে নিতে পারছেন না বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 05:34 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

তিনি বলেছেন, “ফেরারী আসামি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর থেকে আপনাদের দলের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে। আপনাদের দলের সিনিয়র নেতারা বিকল্প চিন্তা-ভাবনা করতে বাধ্য।

“আপনারা দলের গঠনতন্ত্র যে দিন সংশোধন করেছেন, সেদিন থেকে আপনাদের দলে ভাঙনের সুর আমরা শুনতে পাচ্ছি। েবিএনপি ভাঙা এখন সময়ের ব্যাপার।”

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও ছেলে তারেকের কারাদণ্ডের রায়ের পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

গত সপ্তাহে এই রায় দেওয়ার আগে বিএনপি তাদের গঠনতন্ত্র সংশোধন করে। তাতে দুর্নীতিগ্রস্ত ও দণ্ডিতদের সদস্যপদ বাতিলের ধারাটি পরিবর্তন করা হয়েছে বলে আওয়ামী লীগের দাবি।

বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলে ভাঙন ধরাতে চাইলেও তারা ঐক্যবদ্ধ রয়েছেন। 

কামরুল বলেন, “যারা যারা আপনাদের দলের ঐক্য বজায় রাখার জন্য চেষ্টা করছেন, তাদের বলছি, ঐক্য থাকবে না।

“সরকার আপনাদের দল ভাঙবে না, প্রয়োজনও হবে না। এক দুর্নীতিবাজ জেলে, আরেক দূর্নীতিবাজ ফেরারী আসামি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় আপনাদের দল ভাঙার পেরেকটা আপনারাই পুঁতে দিয়েছেন।”

“এখন কত দিন পর আপনাদের দল ভাঙবে, এটা দেখার বিষয়। এটা অবশ্যম্ভাবী। যারা দুর্নীতি পছন্দ করে না, তারা পদক্ষেপ নেবেই, এটা সময়ের ব্যাপার মাত্র,” বলেন কামরুল।

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দুর্নীতি প্রমাণিত হওয়ায় রাজনৈতিককর্মী হিসেবে ‘লজ্জা বোধ’ করার কথাও জানান আওয়ামী লীগের এই নেতা।

মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে বিএনপির সমালোচনার জবাবে কামরুল বলেন, এই মামলাটি ছিল তত্তাবধায়ক সরকারের সময়ের। বিচার আরও আগেই শেষ হওয়ার কথা ছিল।  

“বিএনপির আইনজীবীরাই উদ্দেশ্যমূলকভাবে এই মামলার বিচার নির্বাচনের বছরে শেষ করেছে। নির্বাচনের বছর অহেতুক মাঠ গরম করার জন্য সময়ক্ষেপণ করে রায়টা এই সময় পর্যন্ত নিয়ে এসেছে।”

খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার কোনো উদ্দেশ্যও আওয়ামী লীগ সরকারের নেই বলে দাবি করেন মন্ত্রী কামরুল।

তবে বিএনপি নির্বাচনে না গেলে আওয়ামী লীগের ‘কোনো কিছু যায় আসে না’ বলেও মন্তব্য করেন তিনি।

“সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। নির্বাচনে যদি বিএনপি না আসে, তাহলে আমাদের কিছু করার নাই।

“বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে,কি পারবে না, সেটা সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন বলতে পারবেন। আইনে যা আছে তাই হবে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, কি করবেন না, সেটা আমাদের দেখার বিষয় না।”