২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ ঠিক হওয়ার পর এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 11:43 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

গুলশানের কার্যালয়ে রোববার রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই বৈঠক হয়।

বৈঠকের আলোচনা নিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি রায় পরবর্তী করণীয় অর্থাৎ আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি কী হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেবে আদালত। দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এই মামলার প্রধান আসামি খালেদা জিয়া দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

গত মাসে রায় ঘোষণার তারিখ ঠিক হওয়ার পরপর ২৭ জানুয়ারি দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। এরপর জোট শরিকদের সঙ্গে বসেন তিনি।

ওই সব বৈঠকের পর জানানো হয়, খালেদা জিয়ার কারাদণ্ড হলে কী কর্মসূচি দেওয়া হবে তা তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে ঠিক করা হবে।

শনিবার ঢাকার লো মেরিডিয়ান হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চার শতাধিক নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন খালেদা জিয়া। পরদিন আবার স্থায়ী কমিটির সঙ্গে বসলেন তিনি।

জাতীয় নির্বাহী কমিটির সভায় বক্তব্যে ‘যে কোনো বিপদ’ মোকাবেলায় দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, “আমি দলের নেতা-কর্মীদের সঙ্গে আছি, আমি দেশের মানুষের সঙ্গে আছি, দেশের মানুষের সঙ্গে থাকব।”

দলের কর্মসূচি সফল করতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি নেতাদের সতর্ক করেছেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বলেন, “যারা বেঈমানি করবে, যারা এদিক-ওদিক, এক পা এদিক অন্য পা অন্য দিকে রাখবে, তাদের চিহ্নিত করা হবে।

“আমরা আগে একবার ক্ষমা করেছি, ক্ষমা বার বার হয় না।”

শনিবার খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

কর্মীদের অভয় দিয়ে ঐক্যের ডাক খালেদার