২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীদের অভয় দিয়ে ঐক্যের ডাক খালেদার

দুর্নীতি মামলার রায় সামনে রেখে নেতাকর্মীদের অভয় দেওয়ার পাশাপাশি  ‘যে কোনো বিপদ মোকাবিলায়’ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 04:55 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

তিনি বলেছেন, “আমি শুধু বলতে চাই, আমি যেখানে থাকি না কেন, আমি আপনাদের সঙ্গে আছি।”

শনিবার ঢাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার উদ্বোধনী অধিবেশনে খালেদা জিয়ার এমন বক্তব্য আসে। আদালত জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ দেওয়ার পর নির্বাহী কমিটির এই সভা ডাকেন বিএনপি নেত্রী। 

দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা ওই মামলার রায় ঘোষণা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। দোষী সাব্যস্ত হলে সাবেক প্রধানমন্ত্রী খালেদার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে তার অংশগ্রহণও অনিশ্চয়তায় পড়তে পারে।

নির্বাহী কমিটির চার শতাধিক সদস্য এবং চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সামনে সভার উদ্বোধনী পর্বে খালেদা জিয়া বলেন, “বিপদ এলে সবাই একসাথে মোকাবিলা করব, সুদিন এলেও আমরা সবাই এক সাথে দেশের জন্য কাজ করব। আমাদের সাহস সঞ্চয় করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

খালেদা জিয়া যখন সম্ভাব্য ‘বিপদ’ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, উপস্থিত বিএনপি নোতার তখন স্লোগান দিতে থাকেন- ‘আমার নেত্রী, আমার মা/ জেলে যেতে দেব না, বন্দি হতে দেব না’।

আশির দশকে এইচ এম এরশাদ সরকারের সময়ে গৃহবন্দি হতে হয়েছিল খালেদা জিয়াকে। আর ২০০৭-০৮ সময়ের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে গ্রেপ্তার করার পর সংসদ ভবন এলাকার একটি ভবনকে উপ কারাগার ঘোষণা করে সেখানে রাখা হয়েছিল।

আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে এরশাদের পর খালেদা জিয়া হবেন দুর্নীতির দায়ে দণ্ডিত বাংলাদেশের দ্বিতীয় সরকারপ্রধান।  

অবশ্য খালেদা জিয়া ও তার দল দাবি করে আসছে, তিনি দুর্নীতি করেননি এবং তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই আওয়ামী লীগ সরকার ওই ‘মিথ্যা মামলা’ টেনে রায়ের পর্যায়ে এনেছে।

খালেদা বলেন, “আমাকে কেউ ভয়ভীতি, লোভ দেখিয়ে কিছু করতে পারবে না। অতীতেও পারেনি, এখনো পারবে না। আমি দলের নেতা-কর্মীদের সঙ্গে আছি, আমি দেশের মানুষের সঙ্গে আছি, দেশের মানুষের সঙ্গে থাকব।”

নেতাকর্মীদের উদ্দেশে খালেদা বলেন, “আজ এই নির্বাহী কমিটির সভা থেকে আমি সবাইকে বলব, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের বিরুদ্ধে বহু সন্ত্রাস হবে, ষড়যন্ত্র হবে, নানাভাবে হয়রানি করার চেষ্টা করা হবে। আমরা কেউ ভয়ে ভীত হব না।”

‘আদালত সরকারের কব্জায়’

নির্বাহী কমিটির সভায় সোয়া এক ঘণ্টার বক্তৃতায় খালেদা বলেন, দেশের নিম্ন আদালত যে ‘সরকারের কব্জায়’, তা ‘সর্বোচ্চ আদালতও’ বলছে।

“সরকারের কথার বাইরে, ভাবনা চিন্তা যাই থাকুক না কেন, তারা বুঝতে পারছে যে এটা সঠিক নয়, কিন্তু সঠিক রায় দেওয়ার ক্ষমতাটা তাদের নেই।”

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার সঙ্গে তার ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানও আসামি। গত এক দশক ধরে তিনি পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। 

মুদ্রা পাচার মামলায় জজ আদালতে খালাস পেলেও হাই কোর্টে তারেককে সাত বছরের সাজা হওয়ার প্রসঙ্গ টেনে খালেদা বক্তৃতায় বলেন, “সঠিক রায় দিলে যে কি হতে পারে সেটা আপনারা দেখেছেন। তারেক রহমানের সঠিক রায় দেওয়া হয়েছে যে আদালতে, সেই বিচারককে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।”

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ‘সত্যি কথা বলায়’ সরকার তাকে দেশের বাইরে যেতে এবং পদত্যাগ করতে ‘বাধ্য করেছে’ বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।

সরকারকে ‘প্রতিহিংসার রাজনীতি’ বন্ধের আহ্বান জানিয়ে খালেদা বলেন, “হিংসা-বিদ্বেষ, হানাহানি বন্ধ করে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন। আমরা কখনো প্রতিহিংসা করব না।”

সেই সঙ্গে সরকারকে এই বলে তিনি হুঁশিয়ার করেন- এভাবে বেশি দিন যাওয়া যায় না; পৃথিবীর বহু দেশে বহু শক্তিশালী নেতা এসেছেন, কারও ক্ষমতাই চিরস্থায়ী হয়নি।

“আজকে তারা কোথায়? যাদের একচ্ছত্র ক্ষমতা ছিল, তাদের অনেকে কিন্তু দুনিয়ায় নেই। কাজেই এটা বুঝতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়।”

উদ্বোধনী পর্বে ‘দেশনেত্রী খালেদা জিয়ার আদালতে দেয়া জবানবন্দি’ নামের একটি পুস্তিকা দেওয়া হয় নির্বাহী কমিটির সদস্যদের হাতে।

জিয়া এতিখানা ট্রাস্ট মামলার বিবরণ ও আইনজীবীদের শুনানি এবং আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদার দেওয়া বক্তব্য নিয়েই ৪০ পৃষ্ঠার এ পুস্তিকা।

‘কর্মসূচিতে সবাইকে চান খালেদা

রায়ের তারিখ ঠিক হওয়ার কয়েক দিনের মধ্যে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসলেও তখন কোনো কর্মসূচির ঘোষণা দেননি বিএনপি চেয়ারপারসন। তৃণমূল নেতাদের মত নিয়ে কর্মসূচি ঠিক করা হবে বলে দলটির পক্ষ সে সময় জানানো হয়েছিল।

সারা দেশ থেকে আসা জাতীয় নির্বাহী কমিটির সঙ্গে দুপুরে রুদ্ধদ্বার বৈঠকে বসার আগে সভার উদ্বোধনী পর্বে কর্মসূচি নিয়ে ইংগিত দিলেও তা স্পষ্ট করেননি খালেদা।

তিনি বলেন, “এই প্রতিবাদ ও প্রতিরোধ হবে আমাদের শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক। সেই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে আমি জনগণকেও আহ্বান করব।

“আসুন দেশের জনগণ, বিএনপি ও ২০ দল- সকলে মিলে এ দেশটা রক্ষা করি, গণতন্ত্রকে ফিরিয়ে আনি। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করি।”

অন্যান্য রাজনৈতিক দলকেও এই ‘জাতীয় ঐক্যে’ শরিক হওয়ার আহ্বান জানান বিএনপি নেত্রী। পাশপাশি দলের সিদ্ধান্ত ‘অমান্যকারীদের’ বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

“যারা বেঈমানি করবে, যারা এদিক-ওদিক, এক পা এদিক অন্য পা অন্য দিকে রাখবে, তাদের চিহ্নিত করা হবে। এদের মূল্যায়নের জায়গা থাকবে না। এদের তারাও (সরকার) নেবে না, আমরাও নেব না। আমরা আগে একবার ক্ষমা করেছি, ক্ষমা বার বার হয় না।”

খালেদা বলেন, তিনি খোঁজ রেখেছেন, যারা অতীতে আন্দোলন করেছে, দলের জন্য কাজ করেছে, দলের সাথে বেঈমানি করেননি, তাদেরকে ভালো জায়গা দেওয়া হবে- যদি বিএনপি নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করতে পারে।

ভোটে যাওয়ার শর্ত

দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপিনেত্রী খালেদা জিয়া একাদশ জাতীয় নির্বাচন ‘নির্দলীয় সরকারের অধীনে’ করার দাবিতে অনড় অবস্থানের কথা এ সভাতেও তুলে ধরেছেন। 

তিনি বলেন, “আমরা বলেছি যে, জাতীয় নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। জনগণ যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেরকম পরিবেশ তৈরি করতে হবে। সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

খালেদা শর্ত দেন, “নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে। এই সংসদ রেখে নির্বাচন হবে না। ভোটে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। তারা মাঠে থাকলে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে। আমি নির্বাহী কমিটির এই সভা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইভিএম-টিভিএম চলবে না।”

এ ব্যাপারে তিনি নির্বাহী কমিটির সদস্যদের মতামত জানতে চাইলে তারা সমস্বরে ‘হ্যাঁ’ হলে সমর্থন জানান।

হোটেল লো মিরিডিয়ানের গ্র্যান্ড বলরুমে খালেদা জিয়ার সভাপতিত্বে বেলা ১১টায় দলের জাতীয় নির্বাহী কমিটির এই বৈঠক শুরু হয়। উদ্বোধনী পর্বের শুরুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য সংখ্যা ৫০২ জন হলেও বৈঠক শুরুর সময় হলে উপস্থিতি ছিল চার শতাধিক। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানস্থলে আসার চেষ্টা করেও ‘পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে’ ফিরে যান বলে দলের কয়েকজন নেতা জানান। কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে রিজভীর বিরুদ্ধে।

২০১৬ সালের ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে ৪ মাস পর ৫০২ সদস্যের এই জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেন খালেদা জিয়া। এরপর এই প্রথম তিনি পর্যদের নেতাদের নিয়ে বসেছেন, যদিও বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ছয় মাস অন্তর এই সভা হওয়ার কথা।

জ্যেষ্ঠ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী মূল মঞ্চে দলীয় নেত্রীর পাশে ছিলেন।

জাতীয় নির্বাহী কমিটির এই সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। দুপুরের পর নির্বাহী কমিটির সঙ্গে রুদ্ধাদ্বার বৈঠকে বসেন খালেদা জিয়া।