রায়ের দিন কর্মসূচি নেই আওয়ামী লীগের: কাদের
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণার আগেই মাঠ দখলে নিতে আওয়ামী লীগ কর্মীদের প্রতি দুই নেতা আহ্বান জানালেও ওই দিন কোনো কর্মসূচি থাকছে না বলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।
দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মসূচি দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেছেন, তবে বিএনপি নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালালে তারাও পাল্টা ব্যবস্থা নেবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে। দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বিএনপি প্রধানের।
দলীয় প্রধানের কারাদণ্ড হলে তার সঙ্গে ‘জেলে যেতে প্রস্তুত’ জানিয়ে ওই দিন রাজপথে অবস্থানের ঘোষণা রয়েছে বিএনপির অনেক নেতার। অন্যদিকে আগেই মাঠ নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম ও প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
এই প্রেক্ষাপটে রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ওবায়দুল কাদের বলেন, “আমরা কারও সঙ্গে পাল্টাপাল্টিতে যাব না। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মাঠ গরম করার দরকার নাই। পরিস্থিতি বুঝে ঠাণ্ডা মাথায় মোকাবিলা করতে হবে।”
ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, দেশের জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে।
“উদ্ভূত পরিস্থিতিতে কখন কী করতে হবে, সেটা তারা দেখবে।”
তবে রায় ঘিরে কেউ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে তা ঠেকাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ফের রাজপথে নামবে বলে জানান তিনি।
ওই দিন কর্মসূচি না রাখার কারণ ব্যাখ্যায় ওবাদুল কাদের বলেন, “আমাদের পার্টির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কোনো কর্মসূচি ৮ তারিখ রাখতে বলেননি। আমাদের কোনো কর্মসূচি নেই ওই দিন, দেব না।”
খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণা ঘিরে পরিস্থিতি অশান্ত করতে উসকানি দেওয়া হচ্ছে মন্তব্য করে তাতে সাড়া না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “আমাদের কোনো অসুবিধা নেই। ভরা কলসী নড়ার দরকার নেই। শেখ হাসিনার উন্নয়ন অর্জনের শান্ত পরিবেশকে অহেতুক কেন আমরা অশান্ত করব? আমাদের মধ্যে কোনো হতাশা নেই। বিএনপিকে নিয়ে আমাদের কোনো অস্থিরতা নেই।
“বিএনপির উসকানির ফাঁদে পা দেবেন না। আমরা শান্তি চাই। বিএনপি উন্মাদ হলে আমরা কেন হব? মাথা গরম করে কিছু করা যাবে না। যা যা প্রয়োজন মাথা ঠাণ্ডা রেখে করতে হবে।”
নাশকতামূলক কর্মকাণ্ড করলে ‘পার পাওয়া যাবে না’ বলে বিএনপি নেতাকর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগ সাইদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বলেন, “এই শহরের নির্বাচিত মেয়র হিসেবে আমি বলতে চাই, ৮ তারিখকে কেন্দ্র করে হঠাৎ করে আক্রমণ করে দেবেন- এটা সহ্য করা হবে না।
“আপনাদের (বিএনপি) সাবধান করে দিচ্ছি, আমরা যেমনভাবে ঢাকা দক্ষিণের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতার বাসা চিনি, তেমনিভাবে কোন বাসায় বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীরা থাকে তাও জানি। আক্রমণ করবেন না। আক্রমণ করলে সেটা সহ্য করা হবে না।”
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে যুবলীগ চেয়ারম্যন ওমর ফারুক চৌধুরী, সাধারণ সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ বক্তব্য রাখেন।
