আপনার সংবিধান কোন শিলায় তৈরি, হাসিনাকে প্রশ্ন রিজভীর
সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সহায়ক সরকারের বিএনপির দাবি মানার কোনো সুযোগ নেই বলে প্রধানমন্ত্রীর দেওয়া ব্ক্তব্যের সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী।
সংসদে শেখ হাসিনার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পাল্টা প্রশ্ন ছুড়ে দেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ওই সময়ে (১৯৯৬ সাল) আপনি জ্বালাও-পোড়াও-ধ্বংসাত্মক আন্দোলন করেছিলেন- এটা তো (তত্ত্বাবধায়ক সরকার) সংবিধানে ছিল না। আর এখন আপনার সংবিধান কি পাললিক শিলা (সেডিমেন্টারি রক) নাকি আগ্নেয় শিলা (ভোলকানিক রক) নাকি মেটামরফিক রক (রূপান্তরিত শিলা) নাকি ভয়ংকর রূপান্তরিত শিলা যেটাকে নাড়ানো যায়, সরানো যায় না।
“জনগণের জন্য, জনগণের পক্ষে, জনগণের মঙ্গলের জন্য সংবিধান সংশোধনের বিধান আছে।”
১৯৯৬ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা কেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সংবিধানে সংযোজন করতে ‘জ্বালাও-পোড়াও’ আন্দোলন করেছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার পর নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি না মানায় দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি।
এখন একাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় নির্বাচনকালীন ‘সহায়ক’ সরকারের দাবি তুললেও তার কোনো রূপরেখা এখনও দেয়নি দলটি।
এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের সময় গতবারের মতো ছোট সরকার গঠনের ইঙ্গিত দিলে তা নিয়ে আলোচনার প্রস্তাব দেয় বিএনপি।
কিন্তু বুধবার সংসদে তিনি বলেছেন, বিএনপি অসাংবিধানিকভাবে সহায়ক সরকারের দাবি করে আসছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এর জবাবে রিজভী বলেন, “উনি (প্রধানমন্ত্রী) যে কথাটা গতকাল সংসদে বলেছেন, এটা বাকশালী কথা, একদলীয় কথা। এটা হচ্ছে প্রভুত্বমূলক কথা, এটা হচ্ছে জনগণের ওপর একেবারে নিষ্ঠুরভাবে কর্তৃত্ব করার কথা।
“গণতন্ত্রে সংবিধান জনগণের চাহিদা অনুযায়ী যুগে যুগে এটা সংশোধিত হয়ই। এটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত। ভারত বলুন, জাপান বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, পশ্চিমা দেশগুলোর কথা বলুন, প্রত্যেকটা দেশে সংবিধান সংশোধন হয়েছে জনগণের চাহিদা অনুযায়ী।”
জনগনের স্বার্থে নিরপক্ষেভাবে নির্বাচন অনুষ্ঠান করতে যেভাবে সংবিধান সংশোধন করা যায় তা করতে সরকারের উদ্দেশ্যে দাবি জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
রিজভী বলেন, “সহায়ক সরকারের মাধ্যমে সব দলের অংশ নিশ্চিত হবে, প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, জনগন আস্থা পাবে- ‘হ্যাঁ, আমার ভোট আমি দেব; এই ভোটটি অদৃশ্য হয়ে যাবে না সন্ত্রাস ও ভোট ডাকাতির কাছে’- এই নিশ্চয়তার জন্যই সহায়ক সরকার।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সহকারি সেক্রেটারি জেনারেল শওকত সরদার, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বড় ছেলে সুনিন্দ্র্য ইসলাম সুমিত, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, আবু সাঈদ চাঁন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মজিবর রহমান, মুন্সীগঞ্জ জেলা যুব দলের সহসভাপতি আবদুস সালাম মোল্লা, যুব দল নেতা সেলিম, রাজশাহীর বাঘার উপজেলা সহসভাপতি আরমান মৃধা, আবদুস সালাম, নোয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা যুব দলের সভাপতি মির্জা মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামসুল হক, চাঁদপুরের শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মানিক মিয়া, কচুয়া ছাত্র দলেল সহসভাপতি বোরহান উদ্দিন বাহার ও মো. লিটনের গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে অবিলম্বে তাদের মুক্তি দাবি জানান রিজভী।
দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামসহ দলের ৬১ জন নেতা-কর্মীর বাড়িতে গতরাতে পুলিশি তল্লাশি অভিযান চালানো হয়েছে অভিযোগ করে তার নিন্দাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, ডা. আবদুল কুদ্দুস, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন ও এটিএম কামাল এসময় উপস্থিত ছিলেন।
