২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও ঠিক হয়নি বিএনপির জাতীয় কমিটির সভাস্থল

আগামী ৩ জানুয়ারি ঢাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অনুষ্ঠিত সভার স্থান এখনও ঠিক না হলেও আমন্ত্রিত সদস্যদের পরিচয়পত্র দেওয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 12:09 AM

Updated : 08 Apr 2022, 05:50 PM

বুধবার রাতে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকায় নেতা-কর্মীদের ধরপাকড়ের মধ্যে এই সভা করতে যাচ্ছে বিএনপি।  

রিজভী বলেন, “৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাহী কমিটির সভার সব প্রস্তুতি শেষ হয়েছে। দলের নির্বাহী কমিটির যে সদস্য আছেন দলের গঠনতন্ত্রের বিধানবলে তাদের নোটিস পাঠিয়ে দিয়েছি।

“কাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার নির্বাহী কমিটির সভাতে অংশ নেওয়ার জন্য যে পরিচয়পত্র, তা আমরা সদস্যদের মাঝে বিতরণ করব।”

জাতীয় কমিটি ঘোষণার দুই বছর পর এটাই প্রথম সভা। ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় রায়ের দিন নির্ধারিত হওয়ার পর এই সভা ডাকেন খালেদা জিয়া।

বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে এই সভা করতে চাইলেও তা পাননি বলে রিজভী জানান।

“আমরা বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির ‘রাজদর্শন’ এ এই সভা অনুষ্ঠানের সকল প্রক্রিয়া শেষ করেছিলাম, টাকাও জমা দেওয়া হয়েছিল। কিন্তু তা পরে বাতিল করা হয়েছে। আপনারা বুঝতে পারছেন কোনো জায়গা থেকে তাদের কাছে ধমক গেছে।”

সভার পরিবর্তিত স্থান ঠিক করার পর সাংবাদিকদের জানিয়ে দেবেন বলে জানান রিজভী।

রিজভী অভিযোগ করেন, বুধবারও খালেদা জিয়া আদালতে যাত্রাপথে রাস্তার উপস্থিত অভ্যর্থনাকারী শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। লাঠিপেঠায় অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছে।

আকদের মধ্যে মহিলা দলের মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলীম, ছাত্রদলের সহ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন শাহাদাৎ, যুবদল নেতা আবদুল জাব্বার, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ হানিফ, মামুন আহম্মেদ, মো. দুলাল, রাকিব আকন্দ, মহিলা দলের হোসনা, পারভিন, দিতি, লায়লা, জাকিয়া, ঢাকা মহানগর উত্তর বিএনপির মাহফুজুর রহমান, চকবাজার থানার ফরিদ উদ্দিন জুয়েল, ইব্রাহিম, মাহবুব খান, শোকন মিয়া, মিন্নাত আলী, উত্তরা থানার শাহ আলম, যাত্রাবাড়ি থানার আমিনুর রহমানের নাম বলেন রিজভী।

তিনি বলেন, দলের যুগ্ম মহাসচিব হাবিব-‍উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাওয়াজ হোসেন শুভ, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, মীর আশরাফ আলী আজমের বাসায় পুলিশি তল্লাশি হয়েছে।