দেশের সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল বিএনপি
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেছে বিএনপি।
মঙ্গলবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ব্রিফ করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আমরা কূটনীতিকদের সাথে মতবিনিময় করেছি। আমরা রুটিন যে মতবিনিময় করে, এটা সেরকম একটা ব্রিফিং ছিল। এটা আমরা প্রায় করে থাকি। নাথিং মোর।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)
সরকার যে ‘প্রতিহিংসামূলকভাবে’ খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সাজিয়ে বিচার কাজ চালাচ্ছে, বিশেষ করে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সম্পৃক্ত করার কোনো তথ্য প্রমাণ না থাকার বিষয়টি কূটনীতিকদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরা হয় বলে জানান তারা।
একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে ‘তড়িঘড়ি’ করে এই মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করার বিষয়টি বলা হয়েছে কূটনীতিকদের। এ ব্যাপারে কিছু নথিপত্রও তাদের দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জাপান, নেদারল্যান্ডস ও নেপালে রাষ্ট্রদূত ছাড়া বৃটিশ ডেপুটি হাই কমিশনারসহ জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, মরক্কো, ভারত, পাকিস্তান, সৌদি আরব, থাইল্যান্ড, ফ্রান্স, তুরস্ক, কুয়েত, ভ্যাটিকান সিটি, ভিয়েতনামসহ ৩০টির বেশি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক এবং দাতা সংস্থার প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নেন।
মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ফাহিমা মুন্নী ও রুমিন ফারহানা বৈঠকে উপস্থিত ছিলেন।
