আদালতে হাজিরা দিয়ে কোকোর কবর জিয়ারতে খালেদা
জিয়া ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিয়ে ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
ছেলের মৃত্যুবার্ষিকীর দিন বুধবার আদালত খালেদা জিয়ার হাজিরা মওকুফ করলেও আগের দিনগুলোর মতো পুরান ঢাকার বকশীবাজারের ওই আদালতে যান খালেদা জিয়া।
দুপুর ১২টায় তিনি আদালতে উপস্থিত হওয়ার আগেই ঢাকার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিশেষ ওই এজলাসে অন্য আসামিদের যুক্তিতর্ক শুনানি শুরু হয়ে গিয়েছিল।
আসামি শরফুদ্দিনের পক্ষে যুক্তিতর্ক শুনানিতে তার আইনজীবী আহসানউল্লাহ বলেন, “আমরা ছোটবেলায় মাছ ধরতাম। তখন বরশি নিচে নামানোর জন্য ভার হিসেবে কিছু জিনিস ব্যবহার করতাম।
দুপুরে বকশীবাজারের আদালত প্রাঙ্গণে খালেদা জিয়া
শুনানির এক পর্যায়ে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিচারকের উদ্দেশে বলেন, “আজ ম্যাডামের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী। আমরা মামলার কার্যক্রম মুলতবি চেয়েছিলাম। বিচারক বললেন, ম্যাডামের আসার দরকার নেই, তিনি জামিনে থাকবেন। তবে অন্য আসামিদের বিষয়ে শুনানি চলবে।
“তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। আদালতের প্রতি আমাদের শ্রদ্ধার বিষয়টি দেখবেন।”
আদালত থেকে ফিরে গুলশানের বাড়িতে যান খালেদা। বিকালে পরিবারের সদস্যদের নিয়ে যান কোকোর কবর জিয়ারতে।
ছোট ছেলের কবরের পাশে বসে কিছুক্ষণ কোরআন শরিফ পড়েন খালেদা, পরে অন্যদের নিয়ে মোনাজাত করেন।
খালেদার সঙ্গে ছিলেন তার সেজ বোন সেলিনা ইসলাম, প্রয়াত ভাই সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমাসহ কয়েকজন স্বজন।
বিকালে কোকোর কবর জিয়ারতে খালেদা জিয়া
সন্ধ্যায় গুলশানের বাসা ‘ফিরোজা‘ ও চেয়ারপারসনের কার্যালয়ে কোকোর স্মরণে আলাদা দোয়া মাহফিল হয়।
এর আগে সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কোকোর স্মরণে দোয়া মাহফিল হয়।
