২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা ফখরুলের হুমকি আর কাজে আসবে না: হাছান

বিরোধী নেতাকর্মীদের কারাগারে রেখে দেশে কোনো ভোট হবে না বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া হুঁশিয়ারি আর কাজে আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 02:34 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, “নেতাকর্মীদের কারাগারে রেখে মির্জা ফখরুল নাকি নির্বাচনে যাবেন না; আমি বলব আপনাদের হুমকি আর কাজে আসবে না।”

জাতীয়তাবাদী মহিলা দলের এক অনুষ্ঠানে সোমবার মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে প্রায় ৭৮ হাজার মামলা করা হয়েছে বিরোধী দলের নেতা-কর্মীর বিরুদ্ধে, প্রায় সাড়ে ৭ লক্ষ আসামি করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

“আমাদের খুব পরিষ্কার কথা- এসব মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে কারাগারে রেখে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোনো নির্বাচন এখানে হবে না। এসব মামলা প্রত্যাহার করতে হবে।”

এর প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, “২০১৩, ১৪, ১৫ সালে বিএনপির বিষ দাঁত দেশের জনগণ ভেঙে দিয়েছে। এখন বিএনপি শুধুই বিষদাঁতবিহীন বিষাক্ত শাপ। তাদের হুমকি আর কাজে আসবে না।”

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বিষয়ে ক্ষমতাসীনরা জনগণকে ‘বিভ্রান্ত’ করছে অভিযোগ করে সোমবার রাজধানীতে এক আলোচনায় সেই সরকারের একটা রূপরেখা তাদের নেত্রী দেবেন বলে জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তবে বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিলেও সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যতই রূপরেখা দেন না কেন, সংবিধানের বাইরে কোনো রূপরেখা কাজে আসবে না। হরেক রকম রূপরেখা দিতে পারেন, মনগড়া রূপরেখা নিয়ে কোনো কাজ হবে না।”

আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের ষড়যন্ত্র করলে বিএনপি নামে কোনো দলকে আর খুঁজে পাওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন হাছান মাহমুদ।

স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন আয়োজিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা বক্তব্য রাখেন।