বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের চক্রান্তে সরকার: ফখরুল
বিএনপিকে বাদ দিয়ে সরকার একাদশ নির্বাচন করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি বলেন, “সরকার গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই চক্রান্ত করছে। নিরপেক্ষ সরকারের অধীনে যেন সুষ্ঠু নির্বাচন না হয়, তার জন্য যে পরিবেশ তৈরি করা, তার জন্য যে গ্রাউন্ড তৈরি করা, সেটা তারা করছে না।
“তাদের আসল উদ্দেশ্য হচ্ছে, বিএনপিসহ বিরোধী দলগুলো যেন সুষ্ঠু অবাধ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।”
নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সারা দেশে এমন একটা জেলা নেই, উপজেলা নেই, যেখানে বেধড়ক গ্রেপ্তার চলছে না। এটা নতুন শুরু হয়েছে। এই গ্রেপ্তার ও মিথ্যা মামলা গত এক মাস ধরে করা হচ্ছে।
“এটাই খুব পরিষ্কার, শেখ হাসিনার সরকার- যারা নিজেরাই কোনো ভোটে নির্বাচিত হন নাই, অনৈতিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন, তারা সামনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিএনপি বা বিরোধী দলগুলো অংশগ্রহণ করুক, তা তারা চায় না। চায় না বলেই এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করছে, যে পরিস্থিতিতে বিরোধী দলগুলো যাতে সুযোগ না পায়। কারণ তারা ভালো করে জানে, যে সমস্ত জরিপ হয়েছে, সুষ্ঠু অবাধ নির্বাচন হলে তারা জয়লাভ করতে পারবে না।”
এই অবস্থা থেকে উত্তরণে সব গণতান্ত্রিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “গণতন্ত্রের দাবি, একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে, নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকারের দাবিতে, জনগণের অধিকার প্রয়োগ করবার ক্ষমতাকে ফিরিয়ে আনার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বাধ্য করতে হবে এই সরকারকে সরিয়ে দিয়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য।”
বর্তমান সরকার ও বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনের যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “মনে করি না বলেই আমরা বার বার বলে আসছি, একটা সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার কীভাবে গঠন করা যায়- একটা পথ বের করার জন্য। আমরা মনে করি, বাংলাদেশের সব সঙ্কটের মূলে রয়েছে জনগণের প্রতিনিধিত্ব করে না এমন একটা সরকার ক্ষমতায় আছে।”
কুমিল্লায় একটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা এই গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার এই গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের নির্ধারিত ছাত্র সমাবেশ করতে না দেওয়ার বিষয়ে জানাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়।
ছাত্রদলের ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা ছিল।
মির্জা ফখরুল বলেন, “আজকে ছাত্রদল... তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন অর্থাৎ পুলিশের অনুমোদন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছিল।
“আজকে সকাল ১০টার দিকে ছাত্রদলের নেতৃবৃন্দ মঞ্চ নির্মাণের জন্য যায়, তখন প্রধান গেইটে তালা লাগিয়ে দেয়। একমাস আগে এই অনুমোদনের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে এভাবে আজকে অনুষ্ঠান করতে না দেওয়া, গড়িমসি করা- এটা অত্যন্ত পরিষ্কারভাবে গণতান্ত্রিক যে অধিকারগুলো, সেই অধিকারকে খর্ব করার শামিল বলে আমরা মনে করি।”
নির্বিঘ্নে ছাত্রদলের অনুষ্ঠান পালনে কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সারা দেশে বিএনপির এই অঙ্গসংগঠনটির অনুষ্ঠানে পুলিশি হামলার নিন্দা জানান দলের মহাসচিব ফখরুল।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।
