২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ কেমন গণতন্ত্র যে বাবা বলে ছেলের নাম: কাদের

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে বিএনপির প্রার্থিতা নিয়ে দলটিতে গণতান্ত্রিক চর্চা না থাকার বিষয়টি ফুটে উঠেছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 09:00 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

তিনি বলেছেন, “এই যে দেখুন, বিএনপিতে কোনো গণতন্ত্র নেই। হঠাৎ করে নিজের ছেলেকে প্রার্থী বলে দিলেন, এতেই বোঝা যায়, কোন দলে গণতন্ত্র আছে, কোন দলে নেই। কেমন গণতন্ত্র বাবা তার ছেলের নাম ঘোষণা করে!”

বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন ওবায়দুল কাদের।

ঢাকা উত্তরে গত বার বিএনপির মেয়র প্রার্থী ছিলেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল।

ওই নির্বাচনে বিজয়ী আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদে উপ-নির্বাচন হবে। তাতে তাবিথই আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আলোচনা রয়েছে।

সম্প্রতি প্যারাডাইস পেপারে তাবিথের নাম আসার কথাও বলেন ওবায়দুল কাদের।

বিএনপির সঙ্গে তুলনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আওয়ামী লীগের প্রার্থী হতে হলে আমাদের মনোনয়ন বোর্ড থেকে নাম আসবে। আমি পার্টির সাধারণ সম্পাদক, হঠাৎ করে বলে দিলাম যে আওয়ামী লীগের সে প্রার্থী, এটা আমাদের দলে হবে না।”

এই নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন প্রতিযোগিতায় অসুস্থ কোন্দলে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও দলের নেতাদের হুঁশিয়ার করেন কাদের।

খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হাত নেই বলেও দাবি করেন এই মন্ত্রী।

“বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হবেন। খুব ভালো কথা, আদালতের বিচারে তিনি যদি নির্দোষ প্রমাণিত হন, অবশ্যই খালাস পাবেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।”

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

কম্বল নিয়ে কাড়াকাড়ি

শীতবস্ত্র বিতরণের শেষের দিকে কম্বল নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায় দুস্থদের মধ্যে।

কম্বল নিতে আসা অনেকেই বলেছেন, বিতরণে শৃঙ্খলা না থাকায় এমন ঘটনা ঘটেছে।

গুলিস্তানের রেল কলোনি থেকে আসা সুফিয়া বেগম নামের এক বৃদ্ধা কম্বল না পেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তো কম্বলের এখানে যাইবারই পারলাম না, পামু কেমনে। এভাবে না দিয়ে লাইনে দিলে আমিও পাইতাম।”

তবে মহানগর আওয়ামী লীগের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কম্বলের চেয়ে লোক বেশি হওয়ায় টানাটানি হয়েছে। কোনো অব্যবস্থাপনা ছিল না।”

তবে বিতরণের সময় দেখা গিয়েছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাইন ধরে কম্বল বিতরণ করেছিলেন।

কিন্তু পরে নেতারা নিজেরাই বিতরণ শুরু করলে হট্টগোল শুরু হয়।