২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার দুর্নীতি প্রমাণ হয়নি: মওদুদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন তার অন্যতম আইনজীবী মওদুদ আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 10:04 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে মঙ্গলবার এ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক শুনানির পর মওদুদ বাইরে এসে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো রকম সাক্ষ্য নেই। তিনি যে এই মামলার কোনো অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন- তারও কোনো প্রমাণ তারা (দুদক) করতে পারেনি।”

বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত জজ আদালতের বিশেষ এজলাসে বেলা সাড়ে ১১টা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত যুক্তিতর্কের শুনানি চলে। খালেদা জিয়ার উপস্থিতিতে তার আইনজীবী আবদুর রেজাক খান এদিন তৃতীয় দিনের মত যুক্তিতর্ক উপস্থাপন করেন।

তিনি বলেন, “এই মামলায় চার্জ গঠনের সময় এফআইআরে ঘটনাস্থল দেখানো হয়েছে সোনালী ব্যাংক, কিন্তু সেখানে কিছু নেই। সর্বত্র বলা হচ্ছে, বেগম খালেদা জিয়া অ্যাকাউন্ট খুলেছেন, টাকা গ্রহণ করেছেন, টাকা বণ্টন করেছেন এবং ট্রাস্টও গঠন করিয়েছেন তার ছেলের বউয়ের মাধ্যমে। এখানে এফআইআরের বাইরে গিয়ে চার্জশিটের বর্ণনা মতে চার্জ ফ্রেইম হয়েছে।”

এই আইনজীবী বলেন, এভাবে এফআইআরের বাইরে গিয়ে, তথ্য-প্রমাণের বাইরে গিয়ে অভিযোগ গঠন ফৌজদারি কার্যবিধির ২২১ ধারার বত্যয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুদকের দেওয়ার বক্তব্য তুলে ধরে রেজাক খান বলেন, “তারা (দুদক) আপিল বিভাগে বলেছে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করেছেন। কিন্তু তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। অনুমানভিত্তিক কোনো বক্তব্য আসতে পারে না।”

খালেদা জিয়া ‘অসৎ উদ্দেশ্যে, সুপরিকল্পিত পন্থায়’ এতিমখানা ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন বলে দুদক দাবি করলেও তারা এ বিষয়ে কোনো নথিপত্র দেখাতে পারেনি বলে মন্তব্য করেন রেজাক খান।

“অভিযোগে শুধু বলেছে- খালেদা জিয়ার ‘অনুমোদন নেওয়া হয়েছে’, কিন্তু সেই অনুমোদনের কোনো হদিস নেই।”

খালেদা জিয়া বিদেশ থেকে টাকা পেয়ে দেশের প্রতিষ্ঠিত কোনো এতিমখানায় অর্থ বরাদ্দ না করে, পরিবারের নামে ‘অস্থিত্ববিহীন’ ট্রাস্টে সেই টাকা দিয়েছেন বলে মামলায় যে অভিযোগ আনা হয়েছে, সে বিষয়েও যুক্তি খণ্ডন করেন তার আইনজীবী।

রেজাক খান বলেন, “এখানে বলা হয়েছে অস্থিত্ববিহীন ট্রাস্ট, কিন্তু ট্রাস্ট অস্থিত্ববিহীন না।”

বুধবার খালেদার পক্ষে চতুর্থ দিনের মত যুক্তি উপস্থাপন করবেন রেজাক খান। খালেদার অপর তিন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারেরও যুক্তি উপস্থাপন করার কথা রয়েছে।

এ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান বৃহস্পতিবারও যুক্তিতর্কের দিন রেখেছেন।

যুক্তিতর্ক শুনানির প্রথম দিন ২০ ডিসেম্বর রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তি উপস্থাপন করেছিলেন।

মঙ্গলবার শুনানির পর তিনি সাংবাদিকদের বলেন, “উনারা আমাদের যুক্তিতে কিছু ঘাটতি দেখানোর চেষ্টা করছেন। আমরা মনে করি কোনো ঘাটতি নেই। আমাদের সাক্ষ্য প্রমাণ ও নথির ভিত্তিতে এই মামলা আমরা প্রমাণ করতে পেরেছি। এই মামলায় আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আশাও করছি।”

এ মামলায় আত্মপক্ষ সমর্থনে মোট সাত দিন বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৫ ডিসেম্বর তার বক্তব্য শেষ হলে বিচারক যুক্তিতর্ক শুনানির দিন ঠিক করে দেন।

জিয়া এতিমখানা ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুদক। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ অগাস্ট তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন।

পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরু করেন।

মামলার অন্য আসামিরা হলেন- খালেদার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

খালেদা জিয়া এ মামলায় জামিনে আছেন। তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে, তার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ রয়েছেন কারাগারে।