মাহবুবুল হককে স্মরণ সহযোদ্ধাদের
বাম নেতা মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হককে দেশের মাটিতে শেষ ঠাঁই দিতে না পারার বেদনার কথা প্রকাশ করেছেন তার রাজনৈতিক সহকর্মীরা।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাসদ সভাপতির স্মরণ সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “আ ফ ম মাহবুবুল হকের মৃত্যুর পর পরিবারের সিদ্ধান্ত ও কিছু জটিলতার জন্য তার মরদেহ দেশে আনা যায়নি, সেটা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।”
যে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সাইফুল, সেই মোর্চার অন্যতম দল বাসদের একাংশের আহ্বায়ক মাহবুবুল হক গত ১০ নভেম্বর কানাডায় মারা যান।
স্বাধীনতা পরবর্তীকালে ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা হিসেবে পরিচিত মাহবুবুল হক ২০০৪ সালে ঢাকার সড়কে গাড়িচাপার শিকার হওয়ার পর চিকিৎসা নিতে বিদেশ গিয়েছিলেন, তারপর আর ফেরা হয়নি তার।
তার স্মরণে জাতীয় প্রেস ক্লাবে ‘আ ফ ম মাহবুবুল হক শোকসভা জাতীয় কমিটি’ সভা আয়োজন করে জাতীয় প্রেস ক্লাবে, যাতে বাম দলগুলোর নেতারা প্রয়াত সহযোদ্ধাকে নিয়ে স্মৃতিচারণ করেন।
সাইফুল হক বলেন, “সাম্রাজ্যবাদ, পুঁজিবাদবিরোধী এবং সাম্প্রদায়িকতাবিরোধী আমাদের যে লড়াই, তা যদি সম্পন্ন করতে পারি, তাহলে মাহবুবুল হককে আমাদের মধ্যে ধরে রাখতে পারব। বাম শক্তির ঐক্যের মাধ্যমে এই লড়াইটা করতে হবে।”
মাহবুবুল হকের জন্ম ১৯৪৮ সালের ২৫ ডিসেম্বর নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামে। ১৯৬২ সালে স্কুলে পড়ার সময়ই তিনি শিক্ষানীতিবিরোধী আন্দোলনে যুক্ত হন। পরে সক্রিয় হন ছাত্র রাজনীতিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়ার সময় ১৯৬৭ সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক হন। ১৯৬৯-৭০ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফোর্স (মুজিব বাহিনী) গঠন করা হলে সেখানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি।
স্মরণ সভায় বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী বলেন, “আ ফ ম মাহবুবুল হক কেবল ছাত্রলীগের নেতাই ছিলেন না, তিনি ছিলেন পুরো ছাত্র সমাজের নেতা।”
স্বাধীনতার পর ছাত্রলীগ ভেঙে জাসদ ছাত্রলীগ প্রতিষ্ঠা পেলে মাহবুবুল হক হন এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। ১৯৭৩ থেকে ১৯৭৮ পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৭৩ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জাসদ ছাত্রলীগ থেকে ভিপি প্রার্থী ছিলেন তিনি। ওই সময়কার ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ওই ভোট পণ্ড না হলে মাহবুবুল হকই ভিপি নির্বাচিত হতেন।
১৯৭৮ সালে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হন মাহবুবুল হক। জাসদ ভেঙে বাসদ হলে ওই দলের শীর্ষ নেতা হন তিনি।
কিন্তু তিন বছরের মাথায় আদর্শগত মতবিরোধে বাসদ দুই ভাগ হলে একটি অংশের নেতৃত্ব পান খালেকুজ্জামান। অন্য অংশটি চলে মাহবুবুল হকের নেতৃত্বে। মৃত্যু পর্যন্ত দলটির নেতৃত্বে ছিলেন তিনি।
সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স স্মরণ সভায় বলেন, “আ ফ ম মাহবুবুল হক আদর্শের রাজনীতি করতেন, কখনও হালুয়া-রুটির রাজনীতির কাছে যেতেন না। মাহবুবুল হকের আদর্শকে ধারণ করে বিকল্প বাম শক্তি গড়ে তুলে বুর্জোয়া রাজনৈতিক শক্তিতে বিতাড়িত করতে হবে।”
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “মাহবুবুল হক ছাত্র রাজনীতে জনপ্রিয় ছিলেন। তিনি কারও সাথে মেশার ক্ষেত্রে বয়সের তারতম্য নিয়ে চিন্তা করতেন না। তিনি বড় মাপের মানুষ ছিলেন বলেই সবার সাথে আন্তরিকতা নিয়ে কথা বলতেন।”
বাসদের (মাহবুব) কেন্দ্রীয় কমিটির সদস্য মঈনউদ্দিন চৌধুরী লিটনের সঞ্চালনায় সভায় বাসদের (খালেকুজ্জামান) রাজেকুজ্জামান রতন, বাসদ (মাহবুব) নেতা শওকত হোসেন আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলেনের আহ্বায়ক হামিদুল হক বক্তব্য দেন।
