‘ব্যাংকিং ব্যবস্থায় ধস যে কোনো দিন’
লুটপাটের মাধ্যমে ব্যাংকগুলোকে সংকটে ফেলে দেওয়া হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো দিন ব্যাংকিং ব্যবস্থায় ধস নামবে।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সভায় একথা বলেন তিনি।
অর্থনীতির ছাত্র ফখরুল বলেন, “আজকে সরকার অর্থনীতিতে সংকট সৃষ্টি করেছেন। দেশের অর্থনীতি আজকে তাসের ঘরের মতো, একটা ফলস ফাউন্ডেশনের উপর দাঁড় করিয়েছে মিথ্যা কথা বলে। বলে এখানে (বাংলাদেশে) সাংঘাতিক রকম উন্নয়ন হচ্ছে, উন্নয়নের রোল মডেল। রোল মডেলের অবস্থা এমন যে প্রতিদিন খবরের কাগজে দেখবেন ব্যাংকগুলো কাহিল হয়ে পড়েছে।
“যে কোনো দিন ব্যাংকিং ব্যবস্থা ফেইল করবে, কলাপস করবে। ব্যাংকগুলো ফোকলা করে ফেলা হয়েছে।”
উন্নয়নের ‘মেগা প্রকল্পের নামে মেগা লুট’ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বক্তব্যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, “এই সরকারকে কেউ বিশ্বাস করে না। আপনারা ক্ষমতায় এসেছেন বিনা ভোটে। ২০১৪ সালের নির্বাচনের যে নাটক হয়েছিল সেখানে ১৫৪টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। সরকার তো সেই দিন করেছেন। ভোটে ৫ শতাংশ জনগণও ভোট দিতে যায়নি। তাহলে সরকারটা জনগণের নয়, আওয়ামী লীগের।
“আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জনগণের নিরপেক্ষ সরকার তৈরি করতে হবে, সেই সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ প্রকৃত প্রতিনিধিদের বেছে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলক সংসদ গঠন করবে। সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, সবার অংশগ্রহণে হবে।”
‘সংবিধানের দোহাই’ দিয়ে লাভ হবে না মন্তব্য করে তিনি বলেন, “এই ‘বো বো’ করে লাভ হবে না। সময় আপনাদের শেষ, এখন পরকালের চিন্তা করুন।”
বিচারপতি এস কে সিনহার পদত্যাগের পর কাউকে প্রধান বিচারপতি নিয়োগ না করায় ‘সাংবিধানিক সংকট’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “প্রধান বিচারপতিকে (এস কে সিনহা) দেশ থেকে বের করে দিলেন। সম্পূর্ণ বেআইনিভাবে, অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে সাংবিধানিক সংকট তৈরি করেছেন। এখন দেশে প্রধান বিচারপতি নেই। যাকে দায়িত্ব দিয়ে রেখেছেন তিনি কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি নন।
“সাংবিধানিক বাধ্যবাধকতা হচ্ছে, কোনো কারণে যদি প্রধান বিচারপতি দায়িত্ব পালন করতে না পারেন অথবা পদত্যাগ করেন তাহলে সাথে সাথে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। সেটা আপনারা করেননি।”
সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান, গোলাম সারোয়ার, ইয়াসীন আলী, সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ জামান, মহানগর দক্ষিণের এস এম জিলানী, রফিক হাওলাদার, উত্তরের ফখরুল ইসলাম রবিন, রেজাউল হোসেন রিয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।
