২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সঙ্গে সমঝোতা ধোকা: আমীর খসরু

রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশের মানুষকে ধোকা দিতে সরকার মিয়ানমারের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 06:05 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

শনিবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বর্তমান সরকারের এটা একটা চতুরতা। তারা নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধোকা দেওয়ার জন্য এই চুক্তিটি করেছে।

“তারা বলছে, তাদের (রোহিঙ্গা) ফেরত দেওয়া শুরু হবে, তবে কতদিনের মধ্যে শেষ করবে তারা বলছে না। এটা নিশ্চতভাবে নির্বাচনকে সামনে রেখে ধোকা দেওয়ার একটা প্রক্রিয়া”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামক সংগঠনের উদ্যোগে ‘আসন্ন সংসদ নির্বাচন: নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এস এম হাসান তালুকদার।

একাদশ নির্বাচন প্রসঙ্গ টেনে সরকারের একদলীয় ভূমিকার সমালোচনা করে আমীর খসরু বলেন, “এই প্রেক্ষাপটে জনগণের যে সিদ্ধান্ত তা হচ্ছে, আগামী নির্বাচনের ব্যাপারে যদি সরকারের ২০১৪ এর মতো কোনো চিন্তা থাকে, সেটা আওয়ামী লীগ বড় ধরনের ভুল করবে।

“আগামী নির্বাচনের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, নির্বাচন কমিশন কী ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং তারা যদি এবার ভুল পথে যায়, দেশের মানুষ তা গ্রহণ করবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ওই ধরনের নির্বাচন আগামী দিনে করার কোনো সুযোগ নেই।”

আলোচনা সভায় গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, বিএনপির শামসুজ্জামান দুদু, আবদুল মান্নান তালুকদার, আতাউর রহমান ঢালী, খায়রুল কবির খোকন, কাদের গনি চৌধুরী, ব্যারিস্টার সারোয়ার আহমেদ, সালাহউদ্দিন খান প্রমুখ বক্তব্য রাখেন।