২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট সুষ্ঠু হলে আ. লীগের জয় ‘১০০%’: সালমান এফ রহমান

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, অবাধ-সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের জয় নিয়ে অনেকে সংশয় প্রকাশ করলেও তিনি এ বিষয়ে শতভাগ নিশ্চিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 10:23 PM

Updated : 12 Apr 2022, 12:43 AM

বুধবার  রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা জেলা ছাত্রলীগের সম্মেলনে একথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, “আজকাল একটা বিষয় ফ্যাশন হয়ে গেছে, সুশীল সমাজকে বলতে শুনি, টকশোতে বলতে শুনি এবং আমাদের নিজেদের মধ্যে অনেক লোকজন কথাটা বলে-যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ জিততে পারবে না। এই কথাটার প্রতিবাদ করতে হবে।

 “ফ্রি ফেয়ার ইলেকশনে সব সময় আওয়ামী লীগ জিতে এসেছে, কারচুপির মাধ্যমে বিএনপি।”

বক্তব্যের সমর্থনে দৃষ্টান্ত হিসেবে ২০০১ সালে ঢাকার দোহার-নবাবগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ তোলেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান রহমান।

“আমি ২০০১ সালের নির্বাচন করেছি, আমার ব্যালটপেপার রাস্তায় ফেলে দেওয়া হয়।”

২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। ওই নির্বাচনের সকালে ঢাকার বিভিন্ন কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন দলটির নেতারা।

আগামী নির্বাচন নিয়ে আশাবাদী সালমান এফ রহমান বলেন, “যদি নির্বাচনটা ফ্রি ফেয়ার হয় তাহলে হানড্রেট পারসেন্ট আওয়ামী লীগ জিততে পারবে। এই কথাগুলো বলা হচ্ছে এজন্য যে, তারাই একটা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র হচ্ছে যাতে ফ্রি ফেয়ার ইলেকশন না হয়।”

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের যুবলীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে জিতে আসবে। শুধু ছাত্রলীগের বেলায় নয়, আওয়ামী লীগের মধ্যে ঐক্য খুবই দরকার।

“আমাদের নিজেদের মধ্যে যে গ্রুপিং আছে, এই প্রতিযোগিতা বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ছাত্রলীগের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বিদ্যৎ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ বিপু বক্তব্য দেন।

পুরনো খবর:

আ. লীগের শত্রু আ. লীগই: সালমান এফ রহমান