২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের শত্রু আ. লীগই: সালমান এফ রহমান

আগামী জাতীয় নির্বাচনে জয়ী হতে কোন্দল ছেড়ে ঐক্যবদ্ধ থাকতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 12:34 AM

Updated : 12 Apr 2022, 12:43 AM

রোববার ঢাকার নবাবগঞ্জ সদরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগই। এখন অনেক জায়গায় দেখা যায় নিজেদের মধ্যে গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে। এতে ক্ষতি হচ্ছে দলের ও প্রধানমন্ত্রীর।

“জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগই জয়ী হবে দাবি করে সালমান এফ রহমান বলেন, “বাংলাদেশে উন্নয়নের ঢেউ এসে গেছে। গত নয় বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে তা অভাবনীয়। আর নয় বছরে বিএনপি জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই দিতে পারেনি।

“অথচ নিরপেক্ষ নির্বাচন হলে তারা পাশ করবেন বলে ঢাক-ঢোল পিটাচ্ছে, বরং নিরপেক্ষ হলে আওয়ামী লীগই জয়ী হবে একশ পার্সেন্ট।”

আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা জনগণের কাছে প্রচারের অনুরোধ জানিয়ে সালমান রহমান বলেন, “শুধু নিজেদের লোকদের কাছে নয়, ভোট চাইতে হবে সকল শ্রেণি পেশার ভোটারদের কাছে।”

উপজেলা যুবলীগের সভাপতি মো. সারোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু।