‘আ. লীগের পতন না হলে গণতন্ত্রকামীদের অবস্থা রোহিঙ্গাদের মতো হবে’
আওয়ামী লীগ সরকারের পতন না ঘটলে বাংলাদেশে ‘গণতন্ত্রকামী মানুষের’ অবস্থা রোহিঙ্গাদের মতো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
শুক্রবার বিকালে দলীয় এক কর্মসূচিতে তিনি বলেন, “একটা কথা বলতে চাই, এটা অন্যভাবে নেবেন না সাংবাদিক ভাইরা। এই ঘটনাটুকু (খালেদা জিয়ার যাত্রাপথে হামলা) না ঘটলে আওয়ামী লীগের আসল চেহারাটা আপনারা বুঝতে পারতেন না।
“আওয়ামী লীগের কী ফ্যাসিস্ট চেহারা! আমরা বহুবার বলেছি কিন্তু আপনারা বিশ্বাস করেন নাই। এবার একটু জেনে নেন, এবার দেখে নিয়েছেন যে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ একদিন রোহিঙ্গাদের মতো অবস্থায় উপনীত হবে।”
মির্জা আব্বাস (ফাইল ছবি)
এদিকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ করে আসছে বিএনপি। গত সপ্তাহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে তার গাড়িবহরে হামলা হয়, যাতে সাংবাদিকদের বেশ কয়েকটি গাড়িও ভাংচুরের শিকার হয়।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। বিএনপি দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনীতি করে।
“সুসংগঠিতভাবে এই সরকারের পতনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
খালেদা জিয়ার যাত্রাপথে সন্ত্রাস হামলায় নিহত চট্টগ্রামের বায়েজিদ থানার বাংলাবাজার ইউনিট স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সেঞ্জু মিয়ার স্মরণে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে বক্তব্য দেন আব্বাস। সেঞ্জু মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
পরে দোয়া মাহফিলে সেঞ্জু মিয়ার আত্মার মাগফেরাত ও আহত অন্যদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
