ঢাকায় আওয়ামী লীগের দুই পক্ষে হাতাহাতি
ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং ৩৮ নম্বর ওয়ার্ড কমিশনার আবু আহমেদ মান্নাফির সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে।
বুধবার জেলহত্যা দিবসের কর্মসূচি ঠিক করতে বঙ্গবন্ধু এভিনিউতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভার শুরুতে এই ঘটনা ঘটে।
এই মারামারিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে দলের সাধারণ সম্পাদক মুরাদের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন মহানগরের কর্মীরা।
ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সাঈদ খোকন ও মুরাদের দ্বন্দ্বের প্রকাশ সম্প্রতি মগবাজার ফ্লাইওভার উদ্বোধনের দিনও ঘটেছিল।
সেদিন মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলামের অনুসারীরা ওয়ার্ড কমিশনার ও সহসভাপতি মন্নাফিকে টেনে মঞ্চ থেকে ফেলে দিয়েছিলেন বলে নগর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
বুধবার বর্ধিত সভায় মান্নাফি ওই ঘটনার প্রতিবাদ করলে মুরাদ সমর্থক স্বপনসহ কয়েকজনের সঙ্গে তর্কাতর্কি বাঁধে; এরপর শুরু হয় হাতাহাতি।
মান্নাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“হেদু স্বপনের (হেদায়েতুল ইসলাম স্বপন) মাধ্যমে কোটি কোটি টাকার বাণিজ্য করে শাহে আলম মুরাদ বিএনপি-জামায়াতের লোকজনকে কমিটিতে স্থান দিতে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিচ্ছে।”
মেয়র সমর্থক হিসেবে পরিচিত মন্নাফি তার অবস্থানের বিষয়ে বলেন, “আমি সাঈদ খোকনের অনুসারী হতে যাব কেন? আমি তার বাবার সঙ্গে রাজনীতি করেছি। সে আমার ভাতিজা।”
সভার শুরুতে মান্নাফি সাধারণ সম্পাদক মুরাদকে উদ্দেশ করে বলেন, “গত ২৬ অক্টোবর মগবাজার-মৌচাক ফ্লাইওভার উদ্বোধন অনুষ্ঠানে আমার গায়ের কাপড় ছিঁড়ে ফেলে আমাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। যারা মুক্তিযুদ্ধের অনুসারী তাদের অনেককেই সেখানে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হয়নি। ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।”
সভায় উপস্থিত এক নেতা বিডিনিউজকে টোয়েন্টিফোর ডটকমকে বলেন,মান্নাফির বক্তব্যের সময় মুরাদের অনুসারীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান তোলে।
“এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মাইক্রোফোনের সামনে এসে বলেন, ‘একটা বড় দলে মতবিরোধ থাকা স্বাভাবিক। অনেকের অভিযোগ থাকতে পারে। তবে, একটি উন্মুক্ত অনুষ্ঠানে দলের নেতাকর্মীর বিরুদ্ধে কথা বলা দলীয় শৃঙ্খলার পরিপন্থি। এটা ঠিক না’।
“এসময় মেয়র সাহেবের লোকজন একটি মিছিল নিয়ে আসে, তখন মুরাদ ভাই মিছিল নিয়ে যারা আসছিল তাদের বলেন, ‘ভেতরে জায়গার অভাব আছে। দয়া করে আপনারা বাইরে বসুন’। এরপর মেয়রের লোকজন দরজা ঠেলে ভেতরে ঢুকতে চাইলে মুরাদ ভাইয়ের পক্ষের লোকজন বাধা দেয়, তখন হাতাহাতি হয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, “তারা দুজনের (শাহে আলম মুরাদ ও সাঈদ খোকন) দ্বন্দ্ব অনেক দিন ধরে। দক্ষিণ আওয়ামী লীগের যে কোনো কর্মসূচির পাল্টা কর্মসূচি দেওয়া হয় সিটি করপোরেশনের পক্ষ থেকে।”
