২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভার উদ্বোধনের মঞ্চে ওঠা নিয়ে আ. লীগ কর্মীদের হাতাহাতি

মিডিয়ার সামনে কে কথা বলবে তা নিয়ে বিএনপির আইনজীবীদের মারামারির সপ্তাহ না পেরোতেই ঢাকায় মঞ্চে ওঠা নিয়ে হাতাহাতিতে জড়ালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 08:11 PM

Updated : 14 Jul 2022, 03:10 PM

বৃহস্পতিবার মৌচাক-মগবাজার ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ওঠা নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়ান।

এ ঘটনার জন্য আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে দায়ী করেছেন একই দলের নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

অন্যদিকে মুরাদ বলছেন, মেয়রের একান্ত ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) আবুল কালাম আজাদ তাদের নেতাকর্মীদের সঙ্গে ‘খারাপ আচরণ’ করায় ওই পরিস্থিতির সৃষ্টি হয়।

বেলা ১২টায় প্রধানমন্ত্রীর এই ফ্লাইওভার উদ্বোধন সামনে রেখে সকাল থেকেই মৌচাক মোড়ে তৈরি করা মঞ্চের দিকে আসতে থাকেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সকাল সোয়া ১০টার দিকে শুরু হয় দুই পক্ষের দ্বন্দ্ব, এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মঞ্চ থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. রইসউদ্দিন এলজিইডির কর্মকর্তা ছাড়া সবাইকে মঞ্চ ছাড়ার নির্দেশ দেন।

Image
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ফ্লাইওভার উদ্বোধনের সময় দর্শক সারিতে সামনের কাতারে অতিথিদের মধ্যে মন্ত্রী রাশেদ খান মেননের দুই পাশে মেয়র সাঈদ খোকন ও আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ফ্লাইওভার উদ্বোধনের সময় দর্শক সারিতে সামনের কাতারে অতিথিদের মধ্যে মন্ত্রী রাশেদ খান মেননের দুই পাশে মেয়র সাঈদ খোকন ও আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ

এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন মঞ্চে উঠে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানালে উত্তেজনা কিছুটা কমে আসে।

তারপরেও মঞ্চের আশপাশ থেকে মেয়র খোকন ও যুবলীগ নেতা মুরাদের সমর্থকরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সক্রিয় হন, মাইকে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি।

গণভবনে থাকা প্রধানমন্ত্রী বেলা ১২টা ৩ মিনিটে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।

পরে এ বিষয়ে মেয়র সাঈদ খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহে আলম মুরাদের নেতৃত্বে মঞ্চ দখল করতে আসলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

“তারা মঞ্চ দখল করতে আসে। এ সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। অনুষ্ঠানটি ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের। মাননীয় প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করেছেন।”

মেয়র হওয়ার আগে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসা সাঈদ খোকন বলেন, “এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। কিন্তু সেখানে রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য মহানগরের সাধারণ সম্পাদক কিছু দুষ্কৃতকারী, গুণ্ডাপাণ্ডা নিয়ে মঞ্চে অবস্থান নেয় এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে।”

Image
পাল্টাপাল্টি স্লোগান দেন মেয়র সাঈদ খোকন ও আওয়ামী লীগ নেতা মুরাদের সমর্থকরা

পাল্টাপাল্টি স্লোগান দেন মেয়র সাঈদ খোকন ও আওয়ামী লীগ নেতা মুরাদের সমর্থকরা

মেয়রের অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহে আলম মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুষ্ঠানে দাওয়াত পেয়ে তারা গিয়েছিলেন।

“আমাদের নেতাকর্মীরা মিছিল, ব্যান্ডপার্টিসহ সেখানে গিয়েছিলাম। কিন্তু মেয়রের এপিএস আজাদ আমাদের নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করে। ব্যানার-ট্যানার নামিয়ে ফেলতে বলে, উল্টা-পাল্টা কথা বলে।

“আমরা তো অর্গানাইজ করতেছিলাম নেত্রীকে অভিনন্দন জানানোর জন্য। কিন্তু এপিএসের ঘটনার কারণে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে গিয়েছিল।

“পরে আমি যাইয়া মগবাজার থেকেই মিছিলের পরিবেশটা ঠাণ্ডা করে দিছি।”

জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দেশে ফিরে গত ১৯ অক্টোবর খালেদা জিয়া আদালতে হাজির হয়ে জামিন নেন। ওই বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে কে কথা বলবেন তা নিয়ে বকশীবাজারে আদালত চত্বরেই মারামারিতে জড়ান বিএনপি সমর্থক আইনজীবীরা।

ওই ঘটনার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে কী হবে তা তাদের আইনজীবীদের মারামারিতে প্রমাণিত হয়েছে।

যুক্তরাজ্য থেকে ফেরা খালেদা জিয়াকে তার দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানানো নিয়েও ওবায়দুল কাদের বলেছিলেন,  বিএনপির নেতা-কর্মীরা বিশৃঙ্খল, পক্ষান্তরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সুশৃঙ্খল।