২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা পরিকল্পিত, করেছে আ. লীগ: ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 01:55 AM

Updated : 19 Aug 2022, 05:51 PM

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে শনিবার চট্টগ্রাম যাওয়ার পথে বিকালে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। এতে প্রায় ৩০টির মতো গাড়ি ভাংচুর এবং কয়েকজন সাংবাদিকদের মারধর করা হয়েছে।

ঘটনার পর রাত ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছানোর পর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “ইতোমধ্যে আপনারা জেনেছেন বহরকে থামিয়ে দিতে কয়েকবার হামলা হয়েছে। সবচেয়ে দুঃখজনক হল বেশি আক্রমণ হয়েছে সাংবাদিকদের উপর।

“আওয়ামী সন্ত্রাসীরা পরিকিল্পতভাবে হামলা করেছে। এভাবে সন্ত্রাস করে গণতন্ত্রকে হত্যা করা যাবে না। আমরা এর প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি।”

রাত ৯টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর নগরীর প্রবেশপথ সিটি গেইট এলাকায় পৌঁছালেও ৫ কিলোমিটার পথ পেরিয়ে তার সার্কিট হাউজে পৌঁছাতে লেগেছে প্রায় দুই ঘণ্টা।

সন্ধ্যা থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাকির্ট হাউজের দিকে আসতে থাকেন।

এছাড়া সিটি গেইট, একে খান মোড়, আকবর শাহ মাজার, ফয়েজ লেক মোড়, জাকির হোসেন সড়কের বিভিন্ন অংশ, জিইসি মোড় এবং ওয়াসা মোড় থেকে আলমাস সিনেমা হল হয়ে কাজীর দেউড়ি পর্যন্ত ছিল হাজার হাজার দলীয় নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড়।

সেই ভিড় ঠেলে খালেদার গাড়িবহর এগোয় শম্বুক গতিতে। দলীয় নেতাকর্মীদের এস ময় গাড়ি চলাচল স্বাভাবিক করতে তৎপর দেখা যায়।