রোহিঙ্গা শিবিরে যাচ্ছেন খালেদা
মিয়ানমারে নিধনযজ্ঞের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে চার দিনের জন্য শনিবার ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন সকাল সাড়ে ১০টায় সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
খালেদা জিয়া আগামী সোমবার কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে খালেদা জিয়া দুপুরে ফেনীর সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন। সেখানে মধ্যাহ্নভোজ সেরে ফের যাত্রা করে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছাবেন রাতে।
পরদিন সকাল ১১টায় সড়ক পথে কক্সবাজার যাবেন বিএনপি প্রধান। সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন তিনি। রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন সোমবার দুপুরে।
এরপর বিকালে চট্টগ্রামে ফিরে সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
এর বাইরে বিএনপি চেয়ারপারসনের কোনো কর্মসূচি নেই বলে জানান তিনি।
এর আগে ২০১২ সালে কক্সবাজারের রামুতে বৌদ্ধ পল্লীতে হামলা ও ভাংচুরের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কক্সবাজারে যান খালেদা জিয়া। তখনও তিনি ঢাকা থেকে সড়কপথে প্রথমে চট্টগ্রাম এবং পরে সেখান থেকে কক্সবাজার যান।
গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে বাংলাদেশ রোহিঙ্গাদের ঢল নামলে তাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিক অধিকার দিয়ে মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন তিনি। লন্ডন থেকে গত ১৮ অক্টোবর দেশে ফেরার পর এখন রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন বিএনপি নেত্রী।
