২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা ফখরুলের আরো চার মামলার কার্যক্রম স্থগিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ চারটি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 05:37 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

এ নিয়ে চলতি সপ্তাহে ফখরুলের বিরুদ্ধে পাঁচটি মামলার কার‌্যক্রম স্থগিত করল উচ্চ আদালত।

সোমবার দুই বছর আগের একটি নাশকতার মামলার কার্যক্রম স্থগিত করে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ।

একই বেঞ্চ মঙ্গলবার আরও চারটি মামলার কার‌্যক্রমে স্থগিতাদেশ দেয়।

আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।

পরে আইনজীবী লিওন সাংবাদিকদের বলেন, “পৃথক আদেশে চারটি মামলা স্থগিত করার পাশাপাশি রুল দিয়েছে আদালত। রুলে এসব মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।”

রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাগুলোর কার্যক্রম আদালত স্থগিত করেছে বলে জানান লিওন।

স্থগিত করা হত্যা মামলাটি ২০১৩ সালের। ওই বছরের ৩০ নভেম্বর মালিবাগ চৌধুরীপাড়ায় যাত্রীবাহী একটি বাস পোড়ানো ও প্রাণহাণির ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে এই হত্যা মামলা করা হয়।

ওই দিন সন্ধ্যায় আবুল হোটেলের সামনে বাসটি পোড়ানো হয়। এতে মারা যান এক যাত্রী। রমনা থানার এসআই জহিরুল ইসলাম এ মামলা করেছিলেন।

স্থগিত করা বাকি তিনটি মামলা নাশকতার। একই বছর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর, পল্টন ও মতিঝিল থানায় এসব মামলা হয়।

পুরনো খবর:

ফখরুলের নাশকতার মামলা স্থগিত