নির্বাচনে আসা ছাড়া বিএনপির বিকল্প নেই: তোফায়েল
আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির বিকল্প কোনো পথ নেই বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিকি এক বক্তব্যর প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
তোফায়েল বলেন, “এক অনুষ্ঠানে (মির্জা ফখরুল) বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচন করবেন না, তাদের পছন্দ মত সরকারের গঠন করতে হবে। আমি তাকে বিনয়ের সাথে বলব, এই আশা ত্যাগ করেন। নির্বাচন করতে হলে এই সরকারের অধীনেই করতে হবে।
“অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করতে হবে, অন্য কিছু হওয়ার কোনো সম্ভবনা নেই। অহেতুক সব কিছুতে বিতর্ক তৈরি করে বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে। নির্বাচন সামনে, তাদের উচিৎ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা।”
দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ নেতা তোফায়েল বলেন, “তাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, নির্বাচন না করলে নির্বাচন থেমে থাকবে না। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিকল্প কিছু হতে পারে বলে আমি মনে করি না।”
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে তা ঠেকাতে জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে নিয়ে আন্দোলনে নামে বিএনপি।
পরে ওই নির্বাচনের বছরপূর্তির দিন থেকেও বিএনপি-জামায়াত জোট সরকারের বিরোধিতায় টানা তিনমাসের অবরোধ চালিয়ে, যে সময়ের নাশকতায় প্রায় দেড়শ মানুষ নিহত হয়; আহত হয় আরও দেড় শতাধিক।
ওই সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির উদ্দেশ্যে ক্ষমতাসীন দলের নেতা তোফায়েল আহমেদ বলেন, “৫ জানুয়ারিতে আপনারা নির্বাচন না করে জ্বালাও-পোড়াও করে বিতর্কিত হয়েছেন, আপনারা বিরোধী দলেও নেই।”
২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে সর্বাত্মক সহযোগিতা করব।”
বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, “তারা আলোচনার কথা বলেছেন, তাদের সাথে আলোচনার সুযোগ নেই। যারা আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করেছেন, হরতাল অবরোধের নামে দেশ অচল করার চেষ্টা করেছেন, তাদের সাথে আলোচনার কিছু নেই।”
চামড়ার দাম নির্ধারণ করা হলেও সেই দামে চামড়া বিক্রি না হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “আমাদের সরকারের কাজ হল পণ্যর বা চামড়ার মূল্যে নির্ধারণ করে দেওয়া, ঘরে ঘরে গিয়ে সেই মূল্যে পেল কিনা তা যাচাই করা সম্ভব না।”
