ফারুকসহ বিএনপির ২৯ নেতাকর্মীর আগাম জামিন
নোয়াখালী ও রাঙামাটির কাপ্তাইয়ের দুটি মামলায় বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি আমীর হোসেনের অবকাশকালীন বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
আদালতে জামিন অবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সাকিব মাহবুব ও সানজিদ সিদ্দিকী।
পরে সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, নোয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই ঘটনায় ৩০ অগাস্ট জয়নুল আবদীন ফারুকসহ ১৯ জনের বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগ থানায় মামলা করেন আব্দুল আল মামুন নামের এক ব্যক্তি।
মামলায় অভিযোগ করা হয়, জয়নুল আবদীন ফারুকের সঙ্গে মামলার বাদী আব্দুল আল মামুনের দীর্ঘ দিনের দলীয় বিরোধ চলছিল। ২৯ অগাস্ট বাদী সেনবাগে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গেলে আসামিরা হামলা চালিয়ে তাকে বাধা দেয়।
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি অবমাননায় অভিযোগে গত ২৭ অগাস্ট অন্য মামলাটি দায়ের করেন কাপ্তাইয়ের ওয়াগ্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি দিলদার হোসেনসহ স্থানীয় ১০ নেতাকর্মীকে সেখানে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, বিএনপির সদস্য সংগ্রহের সময় গত ১৮ অগাস্ট
ওয়াগ্না ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তালা ভেঙে হলরুমে ঢোকে আসামিরা। তারা হলরুমের দেওয়ালে ঝোলানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে কটূক্তি করে। পরে তারা ছবি দুটি উল্টে দলীয় ব্যানার টাঙিয়ে সভা করে।
আইনজীবী সানজিদ সিদ্দিকী বলেন, ২০০০ সালের ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ আইন’ পরে রহিত হয়ে গেলেও ওই আইনের ৫ ধারায় মামলাটি করা হয়েছে।
শুনানি নিয়ে আদালত আসামিদের ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে।
