মোজাম্মেল হকের কফিনে শেষ শ্রদ্ধা বিএনপির
সাবেক সংসদ সদস্য রেডিও টুডে’র চেয়ারম্যান হাজি মো. মোজাম্মেল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
বুধবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজার পর দলের সাবেক নেতা প্রয়াত মোজাম্মেল হকের কফিনে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, সাবেক সাংসদ আশরাফউদ্দিন নিজানসহ অন্যরা এই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
গত সোমবার সন্ধ্যায় গুলশানের ইউনাটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোজাম্মেল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
দীর্ঘদিন যাবৎ কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো জটিল রোগে ভুগছিলেন এই শিল্পপতি।
মৃত্যকালে হাজি মোজাম্মেল হক তিন মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেন। লন্ডন থেকে এক শোক বার্তায় তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান বিএনপি চেয়ারপারসন।
মোজাম্মেল হক চুয়াডাঙ্গা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি চুয়াডাঙ্গা-২ আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি।
