২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন: জাসদ

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে শরীফ নুরুল আম্বিয়া এবং নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 10:37 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতার প্রেক্ষাপটে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় চাওয়ার মধ্যে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

জাসদের বিবৃতিতে বলা হয়, “নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয়দানের পাশাপাশি এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে বাংলাদেশের মাটি যেন কিছুতেই প্রতিবেশী দেশসমূহের সরকারের বিরুদ্ধে কোনো গোষ্ঠী বিশেষের সশস্ত্র তৎপরতার গোপন ঘাঁটি হিসেবে ব্যবহৃত না হয়।”

রোহিঙ্গা বিদ্রোহীরা রাখাইন প্রদেশে পুলিশ ও সেনা চৌকিতে হামলার পর সেখানে অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। তাতে নির্বিচার নিপীড়ন চালানো হচ্ছে বলে রোহিঙ্গাদের অভিযোগ।

বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিয়ানমারের  মুসলিম রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কয়েক দশক ধরে ৫ লাখের বেশি শরণার্থী বহনের পর এখন নতুন করে রোহিঙ্গাদের নিতে নারাজ। সীমান্ত না খোলার ক্ষেত্রে রোহিঙ্গাদের জঙ্গি ও নানা অপরাধমূলক তৎপরতায় জড়িত থাকার কথাও বলছে তারা।

জাসদ নেতারা রাখাইন প্রদেশের চলমান সঙ্কট অবসানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের প্রস্তাব অনুযায়ী পদক্ষেপ নিতে মিয়ানমার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।