২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের কারণে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ‘সংক্ষিপ্ত’ কর্মসূচি

ঈদের কারণে এবার দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে শুধু প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রেখেছে বিএনপি। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 10:04 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

শুক্রবার বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। পরদিন সারাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা।

বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ঈদের আগের দিন এবার বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সকাল সাড়ে ৯টায় দলের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন।

“পরদিন ঈদ হওয়ায়অনেক নেতাকর্মী বাড়িতে যাবেন। সেজন্য আগামী ৯ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা হবে।”

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা এই অনুষ্ঠানে থাকবেন বলে জানান তিনি।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক দল ও মতের অনুসারীদের এক মঞ্চে নিয়ে ‘জাতীয়তাবাদী দল’(বিএনপি) প্রতিষ্ঠা করেন। দলের ৩৯ বছরের ইতিহাসে ৩৪ বছর ধরে দলের একটানা সাংগঠনিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন খালেদা জিয়া।

চারবার ক্ষমতায় ও দুইবার বিরোধী দলে থাকা দলটির সবশেষ জাতীয় কাউন্সিল হয় গতবছর ১৯ মার্চ।

কাউন্সিলের সাড়ে চার মাস পর গত ৬ অগাস্ট ঘোষণা করা হয়দলের ১৯ সদস্যের নতুন স্থায়ী কমিটি(১৭ জনের নাম ঘোষণা),৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিল এবং ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসার জন্য লন্ডনে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।