আসন সীমানা পুনঃনির্ধারণের খসড়ায় আপত্তি বিএনপির
সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের খসড়া প্রণয়নের উদ্যোগকে ‘অশুভ’ মনে করছে বিএনপি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসির উদ্যোগে দলের আপত্তি তুলে ধরে বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে উনি (সিইসি) একটা খসড়া দিয়ে দিলেন, তাহলে বুঝতে হবে যে, এতে অশুভ কিছু বিষয় আছে, যেটা উনি দায়িত্ব পাওয়ার পর থেকে করে আসছেন।”
সিইসি কে এম নূরুল হুদার কমিশন সীমানা পুনর্নির্ধারণের একটি খসড়া তৈরি করলেও ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন,আলোচনা করে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে তা চূড়ান্ত করা হবে।
এই বিষয়ে ইসিকে বিএনপির চিঠি দেওয়ার কথা জানিয়ে রিজভী বলেন, “আমরা একটা চিঠি দিলাম, যেখানে এই বিষয়টাও ছিল।
“সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আমাদের কী অভিমত, তার জন্য তো একটা হোমওয়ার্কের ব্যাপার রয়েছে। আমরা জেলায় জেলায় চিঠি দিয়েছি, তারা সেখান থেকে তাদের মতামতগুলো দেবেন। সেই মতামতগুলো কম্পাইল করে আমরা বসে একটা সিদ্ধান্ত খাড়া করবো। তারপর সেটা কমিশনকে দেব।”
নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে দলীয় নেতাদের মধ্যে ছিলেন এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল।
‘অর্থ আদায়ে গুম’
ঈদ উপলক্ষে অর্থ আদায়ের জন্য বিরোধী দলের নেতা-কর্মীদের পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পপতিদেরও গুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রিজভী।
তিনি বলেন, “গত এক সপ্তাহে বিরোধী দলের নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পপতিসহ ৬ জনের গুমের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এগুলো সংবাদপত্রের পাতায় প্রকাশিত ও প্রচারিত হচ্ছে।
“সরকার যাদেরকে দিয়ে এতদিন বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করিয়েছে, তাদেরকে সুবিধা দিতেই নতুন করে গুমের হিড়িক বৃদ্ধি করেছে।”
“ঈদের প্রাক্কালে বিএনপি বা ২০ দলীয় জোটের নেতাদের পাশাপাশি ব্যবসায়ী ও ব্যাংকারদের গুম করা হচ্ছে শুধু টাকা আদায়ের জন্য, যাতে ঈদটা অপহরণকারী বা গুমকারীদের খুব ভালো যায়,” বলেন বিএনপি নেতা।
কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান নিখোঁজ হলেও পুলিশ সাধারণ ডায়েরি নিচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী।
“থানায় সাধারণ ডায়রি নিচ্ছে না পুলিশ। তার পরিবারের পক্ষ থেকে তার ভাই মিজানুর রহমান ডায়েরি করতে গিয়েছিল কিন্তু পুলিশ ডায়েরি গ্রহণ করেছে না।”
সংবকাদ সম্মেলনে রিজভী বলেন, “কিছুক্ষণ আগে খবর পেলাম আমাদের হবিগঞ্জ ছাত্রদলের সহসভাপতি হোসেন আহমেদ রফিক তিন ধরে নিখোঁজ। এটি একটি দুঃসংবাদ। একদিন পর ঈদ। গোটা পরিবারকে, তার সহকর্মীদেরকে আতঙ্কের মধ্যে রেখে সে এখন নিখোঁজ। এই হচ্ছে শেখ হাসিনার কোরবানি ঈদের উপহার।”
