২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ায় সময় বাড়াল বিএনপি

লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় দলের সদস্য সংগ্রহ কর্মসূচির সময়কাল এক মাস বাড়িয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 01:35 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “প্রাকৃতিক দুযোর্গ ও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো জড়িত আছে… সে কারণে সদস্য সংগ্রহ অভিযানে আমরা আমাদের চূড়ান্ত টার্গেটে পৌঁছাতে পারিনি। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি আমরা অর্জন করেছি।

“এজন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে, এই কর্মসূচি আরো এক মাস অর্থাৎ আগামী ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কার্য্ক্রম বাড়ানো হল।”

Image
রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

গত ১ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সদস্য সংগ্রহের দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

এবারের এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রার কথা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

বিএনপির দপ্তর শাখা থেকে জানা যায়, গত বুধবার পর্যন্ত ৬০ লাখ ৫৬ হাজার ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের দাম রাখা হয়েছে ১০ টাকা। সেই হিসেবে ৬ কোটির কিছু বেশি অর্থ বিএনপির তহবিলে জমা পড়েছে।

উত্তরাঞ্চলসহ ২৭টি জেলায় ব্যাপক বন্যার কারণে সদস্য সংগ্রহের কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে বলে ধারণার কথা বলছেন বিএনপির একাধিক নেতা।