সাবধান হন, জনগণ রাস্তায় নামলে আর উঠবে না: নোমান
সর্বোচ্চ আদালতের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ানোর পরিণতি শুভ হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।
মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপির এক অনুষ্ঠানে তিনি প্রধান বিচারপতির সমালোচনায় ক্ষমতাসীন দলের নেতাদের ভাষার ব্যবহারের নিন্দা জানিয়ে এই সতর্কবার্তা দেন।
নোমান বলেন, “আমরা বলব, সরকার সাবধান হন। জনগণ একবার রাস্তায় নামলে রাস্তা থেকে আর ফিরে আসবে না।”
আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এখন বিচার বিভাগকেও করায়ত্ত করতে চাইছে বলে অভিযোগ করেন সাবেক এই মন্ত্রী।
তিনি বলেন, “আমাদের দেশের আন্দোলনের অভিজ্ঞতায় এটাই বলে যে, আন্দোলনের ১৫ দিন আগেও বলা যায় না, যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতাচ্যুত হবে। বাংলাদেশের ৩০ বছরের ইতিহাসে দেখা যায় যে, মাত্র ১৫দিন আগেই অবস্থার পরিবর্তন হয়ে যায়।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ কমিটির তহবিলে দুই লাখ নগদ অর্থ হস্তান্তর করা হয়।
বিএনপির ত্রাণ বিষয়ক সমন্বয়ক নোমান বলেন, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে বলে বন্যার্তদের ত্রাণ দিতে সামাজিক শক্তিগুলো আগের মতো এগিয়ে আসছে না।
“সীমাবদ্ধতার মধ্যেও সারাদেশে বন্যাদুর্গত এলাকায় আমাদের নেতা-কর্মীরা বানভাসীদের জন্য কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে। পুনর্বাসনেও আমরা দুর্গত মানুষের পাশে থাকব, তাদের সহযোগিতা করব।”
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানসহ কেন্দ্রীয় ত্রাণ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
