২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে বলায় সাম্প্রদায়িকতা রয়েছে: রিজভী

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর প্রধান বিচারপতি এস কে সিনহার সমালোচনায় সরব ক্ষমতাসীনরা তাকে দেশ ছেড়ে যেতে বলায় ‘সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছেন’ বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 04:35 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

পুরনো খবর:

দেশ ছাড়েন, না হয় হেমায়েতপুরে যান: সিনহাকে মতিয়া

সোমবার সকালে রাজধানীতে এক দোয়া মাহফিলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে একথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, “সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী ও নেতা দেশের প্রধান বিচারপতিকে বলেছেন, আপনি বিদেশে চলে গেলেই পারেন। আরো দুই-একজন মন্ত্রীর কথায় আমরা কিন্তু সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছি। এই সৃজনপ্রেমিক সেক্যুলার রাজনৈতিক দল যে রক্ত ঝরিয়েছে, আসলে তারা কিন্তু অন্য জায়গার লোক।

“খুব সূক্ষ্মভাবে সাম্প্রদায়িকতাকে তারা নিয়ে আসার চেষ্টা করছেন, গন্ধ ছড়ানোর চেষ্টা করছেন। কারণ প্রধান বিচারপতি বাংলাদেশি, কিন্তু ধর্মীয় সম্প্রদায়ের দিক থেকে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এই কারণে নানা ধরনের প্রচ্ছন্ন হুমকির মধ্যে এ সাম্প্রদায়িকতাটা রয়েছে।”

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় গত ১ অগাস্ট প্রকাশের পর থেকেই প্রধান বিচারপতির সমালোচনা করছেন সরকারের মন্ত্রী-এমপিরা।

রায়ের পর্যবেক্ষণে বিচারপতি সিনহা ‘জাতীয় সংসদ ও বঙ্গবন্ধুকে কটাক্ষ করেছেন’ অভিযোগ তুলে আওয়ামী লীগ নেতারা তার পদত্যাগও দাবি করেছেন।

এর মধ্যে রোববার এক সভায় প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, “আপনার বাংলাদেশের কিছুই পছন্দ হয় না, তাহলে চলে যান বাংলাদেশ থেকে, নতুবা হেমায়েতপুরে গিয়ে চিকিৎসা নেন।

“বাংলাদেশে হেমায়েতপুর বলে একটা জায়গা আছে, এই পাগলা-গারদ এমনি এমনি তৈরি করা হয় নাই।”

এ প্রসঙ্গে বিএনপি নেতা রিজভী বলেন, “উনি (প্রধান বিচারপতি) বিদেশে যাবেন কেন? এখন কি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহারকে বিদেশে চলে যাওয়ার হুমকি দিয়ে তার বাড়ি-ঘর, জমি-জায়গা আপনারা দখল করবেন? এটাই হচ্ছে আপনাদের অভিপ্রায়, এটাই হচ্ছে আপনাদের প্রচেষ্টা। সেজন্য এখন তাকে দেশের বাইরে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন।

“কারণ আপনাদের কাজ হচ্ছে সংখ্যালঘুদের জমি-জায়গা দখল করা, সংখ্যালঘুদের ঘর-বাড়ি দখল করা; আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে এখন সেটাই ফুটে উঠছে। আপনারা তো এদেশে সংখ্যালঘুদের জায়গা-জমি, বসত-ভাটি সব দখল করেন, তাদেরকে উচ্ছেদ করে দেন। এসব খবর জাতীয় দৈনিক ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাংলাদেশের মানুষ জানে।”

আওয়ামী লীগই দেশের হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টানদের বাড়ি-ঘর, জায়গা-জমি এবং ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে বলে অভিযোগ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের।

প্রধান বিচারপতিকে মানসিকভাবে দুর্বল করতে সরকার তার সম্পদ অনুসন্ধানের নামে হুমকি-ধামকি দিচ্ছে বলেও মনে করেন ‍রিজভী।

এস কে সিনহার উদ্দেশে তিনি বলেন, “আপনার বিরুদ্ধে নানা হুমকি-ধমকি, আপনার বিরুদ্ধে এই মুহূর্তে নানা ধরনের অনুসন্ধান, আপনার জমি কয়টা, তিন কাঠা থেকে পাঁচ কাঠা করেছেন কিনা। এসব সরকার করাচ্ছে। এই জন্য করাচ্ছে- মানসিকভাবে দুর্বল করে দাও।

“আমি মাননীয় প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে তারা পরাজিত করার চেষ্টা করছে। আপনি এই চাপের মুখেও অটল থাকলে পরে ইতিহাসে আপনি বীর হবেন। কোনো ক্রমেই যখন আপনাকে ন্যূনতম টলাতে পারবে না, আপনি হবেন এদেশে বীরদের আরেকজন বীর।”

চাপের কাছে বিন্দুমাত্র নতি স্বীকার করলে মানুষের মাঝে প্রধান বিচারপতির এখনকার অবস্থানটি আর থাকবে বলে ভাষ্য রিজভীর।

প্রধান বিচারপতির সঙ্গে আলাদাভাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর সাক্ষাতের ঘটনাকে সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে দেখছেন এই বিএনপি নেতা।

গত ৮ অগাস্ট লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচারের পর তার আরোগ্য কামনায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী তাঁতী দল।

তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আহমেদ আজম খান, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম আলিম, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, হাফেজ আবদুল মালেকসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।