প্রধান বিচারপতিকে নিয়ে ক্ষমতাসীনদের শান্ত হওয়ার পরামর্শ বি চৌধুরীর
ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ক্ষমতাসীনদের অবস্থানকে ‘ভুল পথ’ আখ্যায়িত করে তাদের শান্ত হওয়ার পরামর্শ দিয়েছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
রোববার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি বলেন, “বিচার বিভাগের বিরুদ্ধে যদি একদিকে সরকার, অন্যদিকে সংসদ লেগে যায় সেটা দুর্ভাগ্যজনক হবে। সেই পথ বেয়ে, সেই ভুলের পথ বেয়ে, ভ্রান্তির পথ বেয়ে যদি দেশে একটা অনাবশ্যক অরাজকতা সৃষ্টি হয় অথবা দেশে যদি একটা আমাদের যা কাম্য নয় সেই ধরনের শাসক এসে পড়ে এজন্য কে দায়ী হবে?
“কাজেই আগুন নিয়ে খেলা উচিৎ নয়। শান্ত হোন, ধীর মাথায় চিন্তা করুন এবং দেশের যাতে উপকার হয় সেই পথে যেন আমরা চলতে পারি।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির একাংশের প্রতিষ্ঠাতা প্রয়াত কাজী জাফর আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
প্রধান বিচারপতিকে নিয়ে ক্ষমতাসীন বিষোদগারকে ‘অস্থিরতা’ হিসেবে দেখছেন সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী।
তিনি বলেন, “সংবিধানে স্পষ্ট লেখা আছে, আমাদের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার অধিকারী ‘গার্ডিয়ান অব দ্য কনস্টিটিউশন’ তার নাম হলো বিচার বিভাগ। তারা বিচার করবেন, সেই বিচার মাথা পেতে নিতে হবে।”
আলোচনায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রধান বিচারপতি এস কে সিনহার প্রশংসা করেন।
তিনি বলেন, “এই উপমহাদেশের একশ বছরের ইতিহাসে সিনহা যা বলেছেন, এর পূর্বে কোনো ‘মাদার’ বিচারপতি একথা বলেননি।
“আজকে সিনহাকে পাইলে তারা (ক্ষমতাসীনরা) বোধ হয় কামড়াইয়া খেয়ে ফেলবে। এখন ওরা বলতেছে, ডাক্তার সাহেবের সার্টিফিকেট-শারীরিকভাবে উনি মানসিক রোগী অতত্রব উনাকে পদত্যাগ করে চলে যেতে বলা হবে।
“কী ভয়ঙ্কর, কোথায় আছি আমরা? এটা কি মগের মুল্লুক? আমি স্পষ্টভাষায় বলতে চাই, সংবিধান অনুযায়ী সিনহাকে পদত্যাগ করানো অথবা অপসারণ করার কোনো সুযোগ নাই। আমি বিশ্বাস করি এই লোক স্বাধীনচেতা লোক, তিনি পদত্যাগ করবেন না।”
সভাপতির বক্তব্যে বিএনপিপন্থি পেশাজীবী নেতা জাফরুল্লাহ চৌধুরী সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, “জিয়াউর রহমান সাহেব জুডিশিয়াল কাউন্সিলটা করে গিয়েছিলেন কিন্তু উনি যে কাজটা করে যেতে পারেননি এবং এমনকি খারাপ শাসক এরশাদ সাহেবও করেন নাই তা হচ্ছে জজ সাহেবদের নিয়োগ পদ্ধতি। যা আজো হয়নি।
“এটা না হওয়ার ফলে কত পাগলের স্থান হয়েছে এই সামনের হাই কোর্ট বিল্ডিংয়ে- এটা ভাবার চেষ্টা করছি। দেখেন একজন বিচারক ছিলেন, যার প্রধান বিচারপতি হবার সম্ভাবনাও ছিল সেই শামসুদ্দিন চৌধুরী মানিক সত্যিকার মানিকই। সে বলছেন, ৪০০ পৃষ্ঠার রায় উনি (প্রধান বিচারপতি) ২৫ দিনে কী করে লিখলেন? অবশ্যই শামসুদ্দিন মানিকের দুই বছরেও রায় লেখার অভ্যাস ছিল না। কিন্তু বেতনটা পুরোটাই নিয়েছেন।”
শামসুদ্দিন চৌধুরীর উদ্দেশ্যে তিনি বলেন, “হিসাব করেন ৪০০ পৃষ্ঠা, দিনে ১৬ পৃষ্ঠা কি লেখা যাবে না? ইমদাদুল হক মিলনকে (উপন্যাসিক) জিজ্ঞাসা করেন না, যখন চাপ পড়ে দিনে কয়টা লেখেন, সেলিনা হোসেনকে (উপন্যাসিক) জিজ্ঞাসা করেন না, কত পৃষ্ঠা লেখেন।”
জাফর উল্লাহর চৌধুরী বলেন, “আগে ডেইলি স্টারের মাহফুজের নাম শুনছিলাম, এখন শুনছি এই রায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা লিখে দিয়েছে। শামসুদ্দিন চৌধুরী মানিক গতকাল বলেছেন যে, এই রায় নাকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা লিখে দিয়েছে।
“এই জজ সাহেব তো পাগল। এর স্থান তো পাবনাতে হওয়া উচিত। এই মানিকরা এখনও কী করে ঘুরে বেড়ায়? দ্বিতীয়টা হচ্ছে খায়রুল হক(সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক), বেঈমানীরও সীমা থাকা উচিত। এদের বাইরে থাকা উচিৎ নয়, এদের যেখানে থাকা দরকার সেখানে পাঠানো হোক।”
আলোচনা সভায় জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, সাংবাদিক কাজী সিরাজ, সাবেক সাংসদ জহিরউদ্দিন স্বপন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
