২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদলীয় শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ নিয়ে বিষোদগার: ফখরুল

দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতেই আওয়ামী লীগ নেতারা প্রধান বিচারপতির বিরুদ্ধে বিষোদগার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 03:58 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগ যে ধরনের কথা-বার্তা বলছে এবং তারা যে কার্যক্রম করছে, আমি মনে করি তা আইনের শাসনের বিরোধী ও আদালত অবমাননার শামিল।

“এর উদ্দেশ্য হচ্ছে একটাই, বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা। যেটা এদেশের মানুষ কখনোই মেনে নেবে না।”

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, তাদের পদত্যাগ করা উচিৎ।

রায়ের পর বিএনপি যে স্বপ্ন দেখেছিল সেটি উল্টে গেছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “এই রায়ের মাধ্যমে সরকারের আসল চেহারা পরিষ্কার বেরিয়ে গেছে। এই কারণে তারা এই সমস্ত অমূলক কথা-বার্তা বলছেন।”

নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে বিএনপি আশাবাদী নয় বলেই ফুটে ওঠে দলটির মহাসচিবের কথায়।

“এখানে মূল যে সঙ্কট রয়েছে, সেই সঙ্কট সমাধানে এটা কোনো কাজ করবে না। সহায়ক সরকারের যে ব্যাপার এবং নির্বাচনকালীন সময়ে যে একটি নিরপেক্ষ সরকারের যে বিষয়টি সামনে এসে দাঁড়িয়েছে, সেটার বিষয়ে কোনো সমাধান দেবে না।”

দলের ভাইস চেয়ারম্যান সদ্য কারামুক্ত বরকতউল্লাহ বুলুকে নিয়ে শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ অন্য নেতারাও ছিলেন। 

মওদুদ সাংবাদিকদের বলেন, “এটা কোনোদিন জীবনেও শুনেনি যারা প্রশাসনে আছেন, কোনো একটা রায় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলাপ করে।

“সুতরাং এটা বলতে হবে যে তারা বিচার বিভাগকে প্রভাবিত করার জন্য চেষ্টা করছেন ও প্রধান বিচারপতিকে প্রভাবিত করার জন্য চেষ্টা করছেন। এটা সম্পূর্ণ অসাংবিধানিক।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবউন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, ঢাকা মহানগরের নেতা কাজী আবুল বাশার, আহসানউল্লাহ হাসান, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর হোসেন, গোলাম মাওলা শাহিন, ছাত্রদলের আকরামুল হাসান, স্থানীয় নেতা মঞ্জুরুল আজিম, মাহফুজুল হক জাবেদ, মাসুদ রানা, আমির হোসেন এসময় উপস্থিত ছিলেন।

তিন মাস কারাভোগের পর উচ্চ আদালতের জামিনে গত ১৮ আগস্ট বরকতউল্লাহ বুলু ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। গত ১৮ মে নাশকতার ১৩ মামলায় তিনি আত্মসমর্পণ তাকে কারাগারে পাঠায় আদালত।