২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির পদত্যাগ দাবি মহিলা আওয়ামী লীগের

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ক্ষমতসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 05:40 PM

Updated : 11 Oct 2022, 02:26 PM

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি এসকে সিনহা নারী সংসদ সদস্যদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন অভিযোগ করে তার বিচারও দাবি করেছে সংগঠনটি।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করেন তারা।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি জাতীয় সংসদ ও সংসদ সদস্যের নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ করে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

রায়ে প্রধান বিচারপতি নারী সংসদ সদস্যেরও অবমাননা করেছেন দাবি করে সমাবেশ থেকে চার অপসারণ চান মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খাতুন।

তিনি বলেন, “মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নারী সাংসদদের নিয়ে যে অবমাননাকর বক্ত্যব্য দিয়েছেন, তা নারী সমাজ মেনে নেবে না। এই প্রধান বিচারপতিকে অপসারণ ও নারী সংসদ সদস্যদের নিয়ে অবমাননাকর বক্তব্যের কারণে বিচার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

মানববন্ধনে সংহতি জানাতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “ষোড়শ সংশোধনীতে পর্যবেক্ষণের নামে অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক অহেতুক বিভ্রান্তিমূলক কথা বলেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা; যা সম্পূর্ণ পূর্বধারণা বসত হয়েছে বলে আমরা মনে করি।

 “এই রায়কে নিয়ে বিএনপি আজকে সরকার পতনের রাজনীতি করছে, সরকার পতনের হুমকি দিচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে, এই রায় কি তাহলে সরকার পতনের অংশ হিসেবে দেওয়া হয়েছে? ”

রায়ের পর তৈরি জটিলতার দায়ভার প্রধান বিচারপতিকেই নিতে হবে মন্তব্য করে তিনি বলেন, “এই সঙ্কট নিরসনের পথ ওনাকেই বের করতে হবে। প্রধান বিচারপতি সাহেব, এই রায়ের সৃষ্ট সঙ্কট সমাধান করুন।”

বিএনপি আগুন নিয়ে খেলা করছে দাবি করে আব্দুর রহমান বলেন, “আপনারা (বিএনপি নেতাকর্মী) আগুন নিয়ে খেলা করছেন, এই আগুনে আপনারা পুড়ে মরবেন।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “বিএনপি নেতা রিজভী আহমেদ (রুহুল কবির রিজভী) রায় নিয়ে মিথ্যাচার করছেন, বেহায়ার মতো কথা বলছেন। তাদের এখন আর কোনো লাজলজ্জা নেই। বিএনপি এখন সুপ্রিম কোর্টকে ব্যবহার করে রাজনীতি করছে।”

নারী সংসদ সদস্যদের ‘অবমাননার কারণে’ প্রধান বিচারপতির অপসারণের আন্দোলনে সারা দেশের নারীদের অংশ নেওয়ার আহ্বান জানান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার ক্রিক।