২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যার ‘ষড়যন্ত্রে’ জিয়ার বিচার দাবি

বঙ্গবন্ধু হত্যায় ‘ষড়যন্ত্র ও ইন্দনদাতা’ হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 12:33 AM

Updated : 19 Aug 2022, 05:14 PM

শনিবার বিকালে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে শেখ কামালের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

হানিফ বলেন, “বঙ্গবন্ধুর পালতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য যাদের বিচার হয়েছে শুধু তারা নয়, এর পিছন থেকে যারা ইন্ধন দিয়েছে এবং মূল চক্রান্তকারী জিয়াউর রহমানেরও বিচার করতে হবে। এ বিচার না হলে জাতির মধ্যে বিভক্তি দূর হবে না।”

বিএনপির প্রতি ইঙ্গিত করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “ষড়যন্ত্র থেমে নেই, এখনও চলছে। জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা বিশ্বের কাছে দেন দরবার করছে, মুসলিম বিশ্বের শত্রু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক করতে তারা কুণ্ঠাবোধ করে নাই। তাই ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।