কৌশল বদল, আদর্শ নয়: ওবায়দুল কাদের
ইসলামী দলগুলোর সঙ্গে ‘আপসের’ সমালোচনার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক কারণে কৌশল পরিবর্তন করলেও তার দল আদর্শ বদলায়নি।
হেফাজতে ইসলামের দাবির মুখে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরানো এবং কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিকে মুক্তিযুদ্ধের নেতৃত্বদাতা দল আওয়ামী লীগের আদর্শচ্যুতি হিসেবে দেখছেন অনেকেই।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে কাদের বলেন, “আমাদেরকে ভুল বুঝবেন না, প্লিজ একটু ভালো করে ভেবে দেখবেন। কৌশলগত দিক আর আদর্শগত দিকের মধ্যে একটা পার্থক্য আছে।
“একুশ বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, রাজনীতি ছিল উল্টো পথে। ওখান থেকে ফিরিয়ে আনায় কৌশল লাগে।”
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ২১ বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। ১৯৯৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় ফেরে দলটি। এরপর ২০০৮ সাল থেকে টানা দুই মেয়াদে ক্ষমতায় আছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
কাদের বলেন, আওয়ামী লীগ কারও বিরুদ্ধে ষড়যন্ত্র না করলেও বার বার এবং এখনও নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে তার দলকে।
“দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ভিন্নভাবে অনেকে ব্যাখ্যা দিচ্ছে। বাংলাদেশের সুকন্যা, যিনি যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছেন, তাকে কেন সন্দেহ করতে হবে, তাকে কেন প্রশ্নবিদ্ধ করতে হবে?
“যে এতগুলো কাজ করতে পেরেছে, তাকে ভুল বুঝবেন না। রাজনৈতিক বাস্তবতায় আমাদের কৌশলের পরিবর্তন হতে পারে। কিন্তু এটা মনে রাখবেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ শেকড়ের সঙ্গে আছে, শেকড়ের সঙ্গে থাকবে। শেকড় থেকে সরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই।”
আওয়ামী লীগ তথা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাঁড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী ওবায়দুল কাদের।
“কেউ কেউ সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় মহাখুশি। এরা এভাবেই খুশি হয়। পাশের কক্ষে কিছুক্ষণ আগে বলে গেছেন, তারা (বিএনপি) আশার আলো দেখছেন। অন্য ইস্যু মরে গেছে, এই আশার আলোও অচিরেই নিবে যাবে। ঘটনা-দুর্ঘটনায় ইস্যু খুঁজে লাভ নেই।”
তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায় মামলা প্রসঙ্গে তিনি বলেন, “তুচ্ছ কারণে ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করতে হবে। এই প্রবণতা আত্মঘাতী। এসব আত্মঘাতী কাজ আমাদের বন্ধ করতে হবে।”
শেখ কামালের জন্মবার্ষিকীতে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুপুত্রের নানা গুণের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
“একেকজন ক্ষমতায় গেলে হয়ে ওঠেন বিকল্প পাওয়ার সেন্টার, কিন্তু শেখ কামাল তেমন মানুষ ছিলেন না। তার কোনো হাওয়া ভবন ছিল না। শেখ কামালের মধ্যে যেসব গুণাবলী ছিল, তা তার সমসাময়িককালের কারও মধ্যে আমি দেখিনি। শেখ কামাল পরবর্তী নির্বাচনের জন্য কাজ করেননি, তিনি কাজ করেছিলেন পরবর্তী প্রজন্মের জন্য।”
আবেদ খানের সভাপতিত্বে ও পীযূষ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বক্তব্য রাখেন।
