‘টমেটো-সালাদের’ জন্য সরব বাদল: রিজভী
সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে সমালোচনাকারী জাসদ নেতা মইন উদ্দীন খান বাদলের পাল্টা সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সমাবেশে বিএনপি নেতা বলেছেন, ‘কয়েকটি টমোটো-সালাদের’ জন্য এখন ক্ষমতাসীনদের কাছে থাকতে চাইছেন বাদল।
বাদলের দল জাসদের একাত্তর পরবর্তী ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, “আপনি তো সংগ্রাম করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত। কই একবারও তো শুনিনি ওই সময়ে বিচার বিভাগের স্বাধীনতার জন্য জাসদ আন্দোলন করেছে।
“এই দিনে-দুপুরে ডাঁহা মিথ্যা কথা সংসদে বলছেন, আপনি বিচার বিভাগের স্বাধীনতা চান। আপনার লজ্জা করল না। সেদিন তো আওয়ামী লীগের ভয়ে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লুকিয়ে বেড়িয়েছেন। আর আজকে হালুয়া-রুটি, কয়েকটা টমেটো আর সালাদের জন্য শেখ হাসিনার কাছে, আওয়ামী লীগের কাছে নিজের অস্তিত্ব ও নিজের বিবেক সব কিছু বিক্রি করে দিচ্ছেন।”
বিচার বিভাগের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যেই আওয়ামী লীগ সংবিধানের ষোড়শ সংশোধন আনে বলে দাবি করেন রিজভী।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে পুলিশের বাধা পেয়ে রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা।
দমন-পীড়নের সমালোচনা করে সরকার পরিবর্তনে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিজভী।
আসলাম চৌধুরী মুক্তি পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, কেন্দ্রীয় নেতা কাদের গনি চৌধুরী, সুশীল বড়ুয়া, ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নুর মোহাম্মদ, সুলায়মান মঞ্জু, শহীদুল ইসলাম সাঈদ, ফোরকান উদ্দিন রিজভী, হাসান মো. জসিমউদ্দিন বক্তব্য রাখেন।
