২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিভিউ খারিজ, মওদুদ-মোশাররফের দুর্নীতি মামলা চলবে

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলা বাতিলের জন্য বিএনপি নেতা মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেনের রিভিউ আবেদন সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে যাওয়ায় তাদের বিচারের বাধা কাটল। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 03:50 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

জরুরি অবস্থার সময় দুদকের দায়ের করা মামলা দুটি বাতিলের আবেদন তিন বছর আগে আপিল বিভাগে খারিজ হওয়ার পর সেই রায় পুর্নবিবেচনার আবেদন করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির এই দুই সদস্য।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারকের বেঞ্চ সোমবার ওই রিভিউ আবেদন খারিজ করে দেয়।

ফলে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন এ দুটি মামলা চলতে আর কোনো বাধা থাকল না বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান।

মওদুদ আহমদের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর খন্দকার মোশাররফের পক্ষে ব্যারিস্টার মওদুদ শুনানি করেন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ জুলাই সম্পদ ও আয়ের বিবরণী চেয়ে মওদুদ আহমদকে নোটিস দেয় দুদক।

নোটিস অনুযায়ী একই বছরে ১৭ কোটি ৭০ লাখ টাকার সম্পদের হিসাব দুদকে দাখিল করেন বিএনপি নেতা মওদুদ। এর মধ্যে নয় কোটি ৪ লাখ টাকার অর্জিত সম্পদ অবৈধ অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

অপরদিকে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং তিন কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা মডেল থানায় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলা বাতিলে মওদুদ ও মোশাররফ হাই কোর্টে আবেদন করেন। হাই কোর্ট তাদের আবেদন খারিজ করে দিলে আপিল করেন তারা। আপিলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৪ সালের ২১ মে তা খারিজ করে দেয় আপিল বিভাগ।

এরপর দুজনই আপিলের রায় পুর্নবিবেচনার আবেদন করেন, যা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ খারিজ করে দিল।