হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন যথার্থ: রিজভী
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী শত শত মানুষকে বেআইনিভাবে আটক করে গোপন স্থানে রেখেছে অভিযোগ করে দেওয়া যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনকে যথার্থ বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে রাজধানীতে এক মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ যে প্রতিবেদন প্রকাশ করেছেন, তা সঠিক ও যথার্থ।
“এই দুঃশাসনের মধ্যেও তারা যতটুকু পেরেছে, নির্ভুল প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছে। আরো কিছুদিন গেলে আরো তথ্য পেতেন। আমরা বলতে চাই, সরকারের বিষাক্ত থাবার কাছে প্রকৃত অনাচার তুলে ধরা মুশকিল। প্রকৃত অবস্থা আরো ভয়াবহ, আরো ভয়ঙ্কর।”
২০১৩ সাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী শত শত মানুষকে বেআইনিভাবে আটক করে গোপন স্থানে আটকে রেখেছে বলে বৃহস্পতিবার ৮২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে অভিযোগের পর সেসবের বিষয়ে তথ্য-প্রমাণ হাজির করতে সংগঠনটির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আর হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ এর প্রতিবেদন প্রত্যাখ্যান করে শুক্রবার তাদেরকে ভাড়াটে সংগঠন বলে আখ্যায়িত করেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
প্রতিবেদনের তথ্য-উপাত্ত নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, “আমি বলি, আপনি সালাহউদ্দিন কাদের চৌধুরীর (যুদ্ধাপরাধে মৃত্যদণ্ডে দণ্ডিত) ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে (তিনমাস নিখোঁজ থাকা) জিজ্ঞাসা করুন, তথ্য-উপাত্ত পাবেন;
“আপনি মীর কাশেম আলীর (যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত) ছেলেকে জিজ্ঞাসা করুন, আপনি তথ্য-উপাত্ত পাবেন। আপনি কয়েকদিন আগে ঘটে যাওয়া ফরহাদ মজহারের পরিবারকে জিজ্ঞাসা করুন, তথ্য উপাত্ত পাবেন।”
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলে চলেন, “আমি কত তালিকা বলব, নরসিংদীর ছাত্র নেতা নাহিদ, বরিশাল-সিলেট থেকে শুরু করে। আপনি (ওবায়দুল কাদের) কী একবার ইলিয়াস আলীর পরিবারকে জিজ্ঞাসা করতে পারেন যে, গুম কারা করেছে।
“আপনি চৌধুরী আলমের পরিবারকে একবার জিজ্ঞাসা করুন- গুম কারা করেছে। আপনি বাস ড্রাইভার, সিএনজি চালক, রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করুন এই যে গুম-অপহরণ, বন্দুকযুদ্ধ, হত্যা এসব কারা করছে, কে করছে?”
“শুধু তাই নয়, আপনাদের কান বন্ধ হয়ে গেছে, তুলা দিয়েছেন। তথ্য-উপাত্ত আপনাদের কান দিয়ে প্রবেশ করে না।”
সরকারের দেওয়া ‘তথ্য-উপাত্ত’ জনগণ বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন রিজভী।
“আপনাদের তথ্য-উপাত্ত দেশের মানুষকে বিশ্বাস করতে হবে- এক ধরনের বিকারগ্রস্ত অবস্থা আপনাদের পেয়ে গেছে। আপনাদের পরিসংখ্যান ব্যুরোর যে পরিসংখ্যান- তা আপনাদের নিজস্ব বানানো, সেই পরিসংখ্যান মানুষ তা বিশ্বাস করে না।”
ঈদে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায়ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করেন এই বিএনপি নেতা।
এসময় ঈদ শেষে ময়মনসিংহের ঈশ্বরদী থেকে রাজধানীতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিবের গুরুতর আহত হওয়ার প্রসঙ্গ টানেন রিজভী।
ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবের দুর্ঘটনা সম্পর্কে ছাত্রলীগের আরেক সাবেক নেতা ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনিও নিশ্চয় চেনেন, আপনারও পরিচিত। আমাদের সহকর্মী, সতীর্থ... আন্দোলন-সংগ্রামের নেতা হাবিবুর রহমান হাবিব গোটা পরিবারসহ ইসলামী ব্যাংক হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নিশ্চয় আওয়ামী লীগের নেতাদের অচেনা নয়।
“আমরা যখন ঈদের প্রাক্কালে আগে-পরে বললাম, সড়কের বেহাল অবস্থার কারণে একশয়ের উপরে লোক দুর্ঘটনায় মারা গেল। আপনি অস্বীকার করলেন অবলীলায়। তারপরও ওয়ায়দুল কাদের সাহেব বলেন যে, শান্তিতে ও স্বস্তিতে আমরা ঈদ পার করেছি।”
ক্ষমতাসীনরা বাংলাদেশের ব্যাংক লুটের টাকা সুইস ব্যাংকে পাচার করেছে বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।
“আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা বললেন, বিএনপির টাকা। আরে বিএনপি তো জেলখানায়, বিএনপি তো ক্রসফায়ারের শিকার, বিএনপি তো অপহরণের শিকার। আপনারা ১০ বছর ক্ষমতায় আছেন এই টাকাগুলো কে রাখছেন, এটা কী জনগণের চোখ বন্ধ।”
বর্তমান সংসদের সমালোচনা করে রিজভী বলেন “ গণতান্ত্রিক বিশ্বে, গণতান্ত্রিক দেশগুলোতে বিরোধী দল গঠনমূলক আলোচনা করে সংসদে। জনগণের সেই সংসদের দুয়ার বন্ধ হয়ে গেছে। জাতীয় সংসদ ক্ষমতাসীন দল ও তাদের জোটের বিচিত্রানুষ্ঠানের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
“জনগণের সুখ-দুঃখের কোনো বির্তক সংসদে হয় না। আর প্রকৃত বিরোধী চোখ বেঁধে মাক্রোবাসে করে হয় অপহরণের শিকার হচ্ছেন অথবা তার রক্তাক্ত দেহ রাজপথে ইটকাঠের মধ্যে ধূলায় মড়িগড়ি করছে। এই হচ্ছে প্রকৃত বিরোধী দল যারা গণতন্ত্রের পক্ষে, নাগরিক স্বাধীনতার পক্ষে, মুক্ত বাক স্বাধীনতার পক্ষে- তাদের এই অবস্থা।”
গাজীপুরের নির্বাচিত মেয়র এম এ মান্নানকে ফের বরখাস্ত করার সরকারি সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার পুনর্বহালের দাবি জানান তিনি।
জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকসহ কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই মানবন্ধন হয়।
এতে ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্যরা বক্তব্য রাখেন।
